
Tibet Earthquake: তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প ঠিক কতটা শক্তিশালী! প্রমাণ ভাইরাল ভিডিও
তিব্বতে ভয়াবহ ভূমিকম্প! ৭.০ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের জিজ়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগকু শহরের বাকেন কাউন্টি। এই বিপর্যয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে।
তিব্বতে ভয়াবহ ভূমিকম্প! ৭.০ মাত্রার শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের জিজ়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের নাগকু শহরের বাকেন কাউন্টি। এই বিপর্যয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে। জখম হয়েছেন অন্তত ৫৪ থেকে ৬৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার তিব্বতের স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের জেরে একাধিক বাড়ি ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে পশুদের থাকার ঘরও। বিপর্যস্ত এলাকায় ১২ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভূমিকম্পের জেরে বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পরিষেবা ব্যাহত হয়। ধসের কারণে জাতীয় সড়কের একটি অংশও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও চিকিৎসক দল। উদ্ধারকারীদের পাশাপাশি দুর্গতদের জন্য তাঁবু, কম্বল, শীতবস্ত্র, ভাঁজ করা বিছানা এবং অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।
অন্যদিকে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তুষারপাতের পূর্বাভাসও রয়েছে। ফলে দুর্গতদের উদ্ধার ও নিরাপদ আশ্রয়ে রাখার কাজ আরও কঠিন হয়ে উঠেছে। চিনা প্রশাসনের তরফে উদ্ধার ও ত্রাণকাজে জোর দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির মূল্যায়ন এবং নিখোঁজ বা আটকে পড়া মানুষদের খোঁজে অভিযান চলছে।