Donald Trump Diwali: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে দিওয়ালি পার্টি। উপস্থিত ছিলেন ভারতীয় শিল্পপতিরা। তাঁকে হনুমান চালিসার একটি কপিও উপহার দেওয়া হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিশাল গোন্ডাল।

হোয়াইট হাউসে দীপাবলি উদ্‌যাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে তাঁর সঙ্গে দেখা করেন ভারতীয় প্রযুক্তি উদ্যোগপতি বিশাল গোন্ডাল। সেখানে প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে অংশ নেন তিনি। পাশাপাশি ট্রাম্পকে একটি 'হনুমান চালিসা' উপহার দেন। মার্কিন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অফিসে আলোর উৎসব উদ্‌যাপন করতে প্রবাসী ভারতীয়দের বিশিষ্ট সদস্যরা এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ট্রাম্পের সঙ্গে দীপাবলি পার্টির ভারতীয় শিল্পপতির

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (X) এই উদ্‌যাপনের বিস্তারিত তথ্য শেয়ার করেছেন GOQii-এর প্রতিষ্ঠাতা গোন্ডাল। তিনি জানান, উৎসবের সময় তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে হনুমান চালিসার একটি কপি উপহার দিয়েছেন। গোন্ডাল তাঁর পোস্টে লেখেন, "ওভাল অফিসে আলো ভাগ করে নেওয়ার এক মুহূর্ত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে পেরে আমি সম্মানিত। তাঁকে হনুমান চালিসা উপহার দিতে পেরে গর্বিত। তুলসীদাসের লেখা ভগবান হনুমানের এই স্তোত্রটি সাহস, ভক্তি এবং শক্তির জন্য আমাদের মতো লক্ষ লক্ষ মানুষ পাঠ করেন।"

উৎসবের মেজাজ নিয়ে কথা বলতে গিয়ে এই উদ্যোগপতি জানান, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য প্রার্থনা করা হয়েছে। তিনি লেখেন, "প্রদীপ জ্বালানোর সময় আমার প্রার্থনা ছিল ভারত ও আমেরিকার মধ্যে বন্ধুত্ব যেন অটুট থাকে এবং অন্ধকারের ওপর আলোর জয় হয়।"

উৎসবের এই দিনে সুস্থতা কামনা করে ঐতিহ্যবাহী ভারতীয় আশীর্বাদ "যুগ যুগ জিও"-র কথাও উল্লেখ করেন গোন্ডাল। তিনি আরও বলেন, "যুগ যুগ জিও, এমন একটা আশীর্বাদ যা শুনে আমরা অনেকেই বড় হয়েছি। এর অর্থ হল 'তুমি দীর্ঘজীবী হও'। আমি যা কিছু করি তার পিছনে এই একটাই ইচ্ছা থাকে। আর আজ আমি সারা বিশ্বের সবার জন্য এই প্রার্থনা করেছি: শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু। শুভ দীপাবলি। যুগ যুগ জিও।"

ট্রাম্পের এই দীপাবলি উদ্‌যাপনে প্রবাসী ভারতীয়দের আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিশ্বখ্যাত মিশেলিন-স্টার শেফ বিকাশ খান্না এবং কানাডার প্রাক্তন সাংসদ রুবি ধল্লা। হোয়াইট হাউসের অন্দরে বড়সড় প্রশাসনিক রদবদলের মাঝেই এই সাংস্কৃতিক উদ্‌যাপনটি হল।

হোয়াইট হাউসে রদবদল শুরু

আজ সকালেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমান ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার সোমবার থেকে হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের দায়িত্ব নেবেন। তিনি সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হবেন। সুসি এবার প্রশাসনের রাজনৈতিক কাজকর্ম তদারকির দায়িত্বে যাবেন।