ব্রাজিলের এক সাংবাদিক দাবি করেছেন, ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার ছক কষেছিল। এই খবর পাওয়ার পরেই পাকিস্তান নাকি কড়া হুঁশিয়ারি দিয়েছিল, "আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত পড়লে বিশ্বের মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে ফেলা হবে।"

ইসলামাবাদ: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে খতম করার জন্য নাকি বড়সড় ছক কষেছিল ইজরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা মোসাদ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক পেপে এস্কোবার। তাঁর মতে, আমেরিকা-ইরান শান্তি আলোচনার জন্য আসিম মুনির যখন সুইজারল্যান্ড সফরে গিয়েছিলেন, তখনই তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

একটি পডকাস্ট শো-তে এস্কোবার এই বিস্ফোরক দাবি করেন। এই আলোচনার ভিডিও ক্লিপটি এখন এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল। এস্কোবারের দাবি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশেই মোসাদ এই হত্যার ছক কষেছিল। শুধু আসিম মুনিরই নন, তাঁর সঙ্গে থাকা পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকেই শেষ করে দেওয়ার পরিকল্পনা ছিল। 

তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা নাকি এই ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতে পেরে যায় এবং পুরো পরিকল্পনাটি ভেস্তে দেয়। এস্কোবার আরও জানান, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইজরায়েলকে চরম হুঁশিয়ারি পাঠায়। বার্তায় বলা হয়েছিল, "আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত পড়লে বিশ্বের মানচিত্র থেকে ইজরায়েলকে মুছে ফেলা হবে।" 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে সই হওয়া একটি প্রাথমিক চুক্তির ফলো-আপ হিসেবে সুইজারল্যান্ডে এই উচ্চ পর্যায়ের বৈঠকটি বসেছিল। সেখানে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। 

পেপে এস্কোবারের এই দাবিতে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গেলেও, এখনও পর্যন্ত এর সপক্ষে কোনও সরকারি প্রমাণ সামনে আসেনি। পাকিস্তান বা ইজরায়েল, কোনও তরফেই এই বিষয়ে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।