Pakistan Hindu Marriage: হিন্দুদের জোর করে মুসলিম ধর্মের ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার মতো অপরাধের ঘটনা ক্রমশ বাড়ছে পাকিস্তানে। সবকিছু দেখেও নিঃশ্চুপ সেদেশের আদালত। ফের পাকিস্তানে উঠল ১০ দিনে ৬ হিন্দু নাবালিকাকে ইসলামে ধর্মান্তরিত করে বিয়ে করার মতো গুরুতর অভিযোগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Pakistan Hindu Marriage: পাকিস্তানে অব্যাহত সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন-অত্যাচার। পাক সিন্ধ প্রদেশে এবার জোর করে দুই হিন্দু বোনকে ধর্মান্তরিত করে মুসলিম ২ যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার খবর প্রকাশ্যে এনেছেন খোদ সে দেশের সাংবাদিক এবং মানবাধিকার কর্মী ভিঙ্গাস। সূত্রের খবর, অ্যামনেস্টি ইন্টারন্যাশন্যাল-সহ একাধিক মানবাধিকার সংগঠন জোর করে হিন্দু মেয়েদের ধর্মান্তরকরণ নিয়ে সরব হলেও কোনও লাভ হয়নি। পাকিস্তানে ক্রমে বেড়েই চলেছে হিন্দুদের জোর করে ইসলাম ধর্মে বিয়ে করানোর প্রবণতা।

পাকিস্তানে বাড়ছে ধর্মান্তকরণ করে বিয়ে দেওয়ার অপরাধের সংখ্যা:-

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং সিন্ধ প্রদেশের তান্ডো আল্লাহিরে দুই নাবালিকা হিন্দু বোনকে সরকারি হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে সেদেশের আদালত। দুটি মেয়েই বাড়ি ফেরার জন্য আর্জি জানালেও আদালত তাদের বাড়ি পাঠাতে অস্বীকার করেছে। গত দশদিনে সিন্ধ প্রদেশের ছয়টি হিন্দু মেয়েকে অপহরণ করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে।

এদিকে, হোমে পাঠানোর নির্দেশ শুনে আদালতের বাইরে কান্নায় ভেঙে পড়েন অত্যাচারিত ওই দুই বোন। সঙ্গে তাদের মা-বাবা থাকলেও লাভের লাভ কিছুই হয়নি। এই বিষয়ে সংখ্যালঘু অধিকার সংগঠনের কর্মীরা জানান, করাচির ইব্রাহিম কলোনির কোলহি সম্প্রদায়ের সীতা ও রুপি নামে ওই দুই নাবালিকা বোনকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। এরপর দুজনকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করে আমজাদ সোলাঙ্গি ও মনসুর সোলাঙ্গি নামে দুজনের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আমেরিকার সিন্ধি মানবাধিকার সংগঠন ‘সিন্ধ রেনেসাঁ’-র রিপোর্টে পুরো ঘটনাটি সামনে এসেছে। মামলা হওয়ার পরে মেয়েদুটি কান্নাকাটি করলেও তাদের বাড়ি না পাঠিয়ে সরকারি হোমে পাঠিয়ে দিয়েছে আদালত। এই ভিডিওটি প্রকাশ করেছেন পাকিস্তানি সাংবাদিক ও মানবাধিকারকর্মী ভিঙ্গাস। জানা গিয়েছে, এই ঘটনার একদিন পরে আরও একটি হিন্দু নাবালিকা পানসি কোলহিকে তান্ডো আল্লাহির থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, পাকিস্তানের সিন্ধ প্রদেশে সবচেয়ে বেশি হিন্দুর বাস। সেখানকার শয়ে শয়ে দরিদ্র ও প্রান্তিক হিন্দু জনগোষ্ঠীর মেয়েদের তুলে নিয়ে গিয়ে মুসলিম ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা অহরহ ঘটছে। এই রিপোর্ট দিয়েছে খোদ অ্যামনেস্টি ইন্টারন্যাশন্যাল। এ ছাড়াও মন্দির ভাঙচুর, দোকানপাট লুট ও কথায় কথায় ধর্মীয় অবমাননার আইনের অপব্যবহার করে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে বলে অ্যামনেস্টির রিপোর্টে সতর্ক করা হয়েছে। পাক সমাজকর্মী সোরাথ সিন্ধু তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে, ''হিন্দু সিন্ধিরা তাঁদের মাতৃভূমি ছেড়ে চলে যেতে চান না বলেই কি সরকারি মদতে এই সব হচ্ছে? আমাদের মেয়েদের বাঁচান!''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।