- Home
- World News
- International News
- Cyber Attack: সাইবার হামলার ভয়ে বন্ধ বিশ্বের অসংখ্য ওয়েবসাইট! PHP-র ত্রুটি ধরল AI
Cyber Attack: সাইবার হামলার ভয়ে বন্ধ বিশ্বের অসংখ্য ওয়েবসাইট! PHP-র ত্রুটি ধরল AI
সাইবার হামলার আশঙ্কায় সারা বিশ্বে সাময়িক বন্ধ অসংখ্য ওয়েবসাইট। পিএইচপি-তে ত্রুটি ধরিয়েছে এআই, পাসওয়ার্ড ছাড়াই ঢুকতে পারে হ্যাকাররা। ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়ামে জরুরি পদক্ষেপ। কী করণীয়?

সাইবার হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ অসংখ্য ওয়েবসাইট
সাইবার হামলার আশঙ্কায় সারা বিশ্বে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বহু ওয়েবসাইট। সবচেয়ে বেশি সতর্কতা জারি হয়েছে ইউরোপের দেশগুলিতে। ভারতের কয়েকটি সংস্থাও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।

গোলমালের মূলে ওয়েবসাইট তৈরির জনপ্রিয় ভাষা পিএইচপি
গোলমালের মূলে ওয়েবসাইট তৈরির জনপ্রিয় ভাষা পিএইচপি
ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে ত্রুটি ধরা পড়েছে। খবর ছড়াতেই বিশ্বজুড়ে হইচই পড়ে যায়।
ত্রুটি ধরিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা
জানা গিয়েছে, এআই-ই এই ত্রুটি শনাক্ত করেছে। গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা সংস্থা ‘উইজ়’ জানিয়েছে, তারা নিজস্ব উদ্যোগে এমন ত্রুটি খুঁজে বের করে। এ কাজে তারা গুগলের ‘জেমিনি ৪ আর্গন’ ও ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের সাহায্য নেয়।
পাসওয়ার্ড ছাড়াই ঢুকে পড়ার আশঙ্কা
বিশেষজ্ঞদের সতর্কবার্তা, ত্রুটিগুলিকে কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে অননুমোদিত কমান্ড চালাতে পারেন। ঝুঁকিতে পড়তে পারে সার্ভারে রাখা ফাইল, ডেটাবেস ও অন্যান্য তথ্য।
শুধু শক্তিশালী পাসওয়ার্ডে মিলবে না সুরক্ষা
দুটি দুর্বলতাই পিএইচপির মেমোরি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত। তাই শুধু লগইন সিস্টেম বা পাসওয়ার্ড মজবুত করলেই ঝুঁকি কাটবে না, কারণ ত্রুটি রয়েছে সার্ভারের সফটওয়্যারের গভীর স্তরে।
কেন এত বড় উদ্বেগ?
একাধিক সূত্রের দাবি, বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইট পিএইচপিতে তৈরি। নব্বইয়ের দশকের শুরুতে এই ভাষার নাম ছিল ‘পার্সোনাল হোম পেজ’, এখন তার পূর্ণরূপ ‘হাইপারটেক্সট প্রিপ্রসেসর’। ওয়ার্ডপ্রেসের মতো জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমেও এর ব্যবহার রয়েছে।
ইউরোপে জরুরি পদক্ষেপ
ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রক জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। ফ্রান্সে প্যারিস পুলিশ-সহ কয়েকটি স্থানীয় সরকারি ওয়েবসাইট সাময়িক অফলাইন করা হয়েছে। নেদারল্যান্ডসে অফলাইন হয়েছে ডিজিডি ডিজিটাল পরিচয় যাচাই পরিষেবা, প্রতিনিধি পরিষদ ও জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের সাইট। বেলজিয়াম বন্ধ করছে পররাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট।
ব্যাঙ্ক ও সংবাদমাধ্যমের কাজে বিঘ্ন
এই জটিলতায় ব্যাহত হচ্ছে ব্যাঙ্ক-সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং সংবাদমাধ্যমের কাজ। তবে বেলজিয়ামের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র জানিয়েছে, সেই সময় পর্যন্ত এই ত্রুটি কাজে লাগিয়ে কোনও হামলার ঘটনা নথিভুক্ত হয়নি।
পিএইচপি ব্যবহার মানেই হ্যাক হয়েছে, এমন নয়
বিশেষজ্ঞদের মতে, ঝুঁকি নির্ভর করে পিএইচপির কোন সংস্করণ ব্যবহার হচ্ছে, নিরাপত্তা আপডেট বসানো হয়েছে কি না এবং সার্ভারে অন্য কী সুরক্ষা রয়েছে, তার ওপর। পিএইচপির ডেভেলপাররা ত্রুটি মেটাতে নিরাপত্তা আপডেট প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, পিএইচপি ৮.১ ও তার আগের সংস্করণ হলে প্যাচ বসাতে হবে বা নতুন সংস্করণে আপগ্রেড করতে হবে।
আপডেট না হলে কী করণীয়?
প্যাচ বসানো না পর্যন্ত ফায়ারওয়াল ব্যবহার করা যেতে পারে, তবে সেটি স্থায়ী সমাধান নয়। কোনও সার্ভার আপডেট করা না গেলে সাময়িকভাবে তা ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া শুধু নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থেকে অ্যাক্সেসের অনুমতি দিয়ে অননুমোদিত সংযোগের ওপর নজর রাখার কথাও বলা হয়েছে।








