
Thailand Flood: টানা ৪ দিনের রেকর্ড বৃষ্টি, ব্য়াঙ্ককে বন্যা, জলের তলায় গোটা থাইল্যান্ড
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিশেষ করে পূর্ব ব্যাংককের মিন বুরি, খ্লং সাম ওয়া, লাট ক্রাবাং, সাই মাই, নং চক ও সুয়ান লুয়াং এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা ভারী বৃষ্টিতে শহরের একাধিক এলাকা জলমগ্ন। বিশেষ করে পূর্ব ব্যাংককের মিন বুরি, খ্লং সাম ওয়া, লাট ক্রাবাং, সাই মাই, নং চক ও সুয়ান লুয়াং এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি প্রায় বিরামহীনভাবে চলেছে। কোথাও ২৪ ঘণ্টায় ২৭০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। একাধিক খাল জল উপচে পড়েছে, ডুবে গিয়েছে গুরুত্বপূর্ণ রাস্তা। লাট ফ্রাও ১২২ রোডে জলস্তর প্রায় ২৮.৫ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে। ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (BMA) পাম্প, ড্রেনেজ টানেল ও স্লুইস গেটের মাধ্যমে দ্রুত জল নামানোর চেষ্টা চালাচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, মূল সমস্যা চাও ফ্রায়া নদীর জল উপচে পড়া নয়, বরং অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন করতে না পারা।
বন্যার জেরে যান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু গাড়ি জলের মধ্যে আটকে রয়েছে এবং উদ্ধারকারী দল বাসিন্দাদের সাহায্য করছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে পরিস্থিতি আরও কিছুটা সময় স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে জলমগ্ন রাস্তা এড়িয়ে চলা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।