সৌদি আরবে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একাধিক জায়গায় জরুরি সতর্কতা জারি করা হয়। ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’ জানিয়ে নাগরিকদের সতর্ক করে সৌদি প্রশাসন। এর মধ্যেই রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সৌদি আরবে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একাধিক জায়গায় জরুরি সতর্কতা জারি করা হয়। ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার আশঙ্কা’ জানিয়ে নাগরিকদের সতর্ক করে সৌদি প্রশাসন। এর মধ্যেই রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হুমকির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছিল। তবে ঠিক কী কারণে এই অ্যালার্ট জারি করা হয়েছিল বা রিয়াদে বিস্ফোরণের শব্দের উৎস কী, তা নিয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে সৌদি আরব জানিয়েছিল, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মাঝপথেই প্রতিহত করা হয়েছে।

হুথি হামলা নিয়ে কড়া বার্তা রাষ্ট্রপুঞ্জের

এরই মধ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। শুক্রবার রাতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যই হুথিদের সামরিক তৎপরতা, হামলা এবং হুমকির নিন্দা করেন। নিরাপত্তা পরিষদের বক্তব্য, হুথিদের সামরিক তৎপরতা বাড়তে থাকলে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে সমুদ্রপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যেও। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে যে উদ্যোগ চলছে, হুথিদের এই তৎপরতা তা-ও বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

নিরাপত্তা পরিষদের সদস্যরা হুথিদের অস্ত্র, সামরিক প্রশিক্ষণ, অর্থ এবং অন্যান্য সামরিক সহায়তা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি হুথিদের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের অস্ত্র নিষেধাজ্ঞা সব দেশকে কঠোরভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফাঁসি

অন্যদিকে, ইরানে ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরানের সরকারি টেলিভিশনের খবর অনুযায়ী, ওই ব্যক্তির নাম হুসেইন পেদরাম।

অভিযোগ, ইরানের ইসফাহান প্রদেশে থাকা ‘সংবেদনশীল সামরিক ঘাঁটি’ সম্পর্কে গোপন তথ্য ইজরায়েলকে দিয়েছিলেন তিনি। ওই ঘাঁটিগুলির মধ্যে ক্ষেপণাস্ত্র ঘাঁটিও ছিল বলে দাবি করা হয়েছে। তবে কীভাবে তিনি ওই গোপন তথ্য সংগ্রহ করেছিলেন, তা জানানো হয়নি।

রিয়াদে বিস্ফোরণের শব্দ এবং সৌদি আরবে আকাশপথে হামলার সতর্কতার ঘটনা এমন সময়ে সামনে এল, যখন ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। Reuters-এর প্রতিবেদনেও রিয়াদের বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখা যাওয়ার কথা বলা হয়েছে।