Saleh Mohammadi Executed: ইরানে প্রতিবাদীদের দমন করার জন্য নৃশংস পদক্ষেপ নতুন কিছু নয়। গত কয়েক বছরে অনেক পুরুষ-মহিলা প্রতিবাদীর উপরেই অত্যাচারের অভিযোগ উঠেছে। বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে। এবার এক উঠতি কুস্তিগীরের মৃত্যুদণ্ডও কার্যকর করা হল। সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হলেও, তাতে কান দেয়নি ইরান সরকার।

DID YOU
KNOW
?
ইরানে মানবাধিকার লঙ্ঘন
ইরান সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিচার-বহির্ভূত হত্যার অভিযোগ এনেছে মানবাধিকার সংগঠনগুলি।

Iran News: ১৯ বছর বয়সি প্রতিভাবান কুস্তিগীর সালেহ মহম্মদীর (Saleh Mohammadi) মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। এই কুস্তিগীরের সঙ্গেই আরও দুই সরকার-বিরোধী আন্দোলনকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের কোম (Qom) শহরে প্রকাশ্যে এই তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, তাঁদের গলায় দড়ি বেঁধে ক্রেন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মহম্মদীর সঙ্গে যে দু'জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাঁদের নাম সইদ দাভোদি (Saeed Davodi) ও মেহদি ঘাসেমি (Mehdi Ghasemi)। তাঁদের বিরুদ্ধে চলতি বছরের গোড়ায় সরকার-বিরোধী আন্দোলনের সময় দুই পুলিশকর্মীকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই অভিযোগের বিচার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হল। সারা বিশ্ব থেকে একজন উঠতি ক্রীড়াবিদের মৃত্যুদণ্ড কার্যকর না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু ইরান সরকার সেই অনুরোধে কান দিল না।

প্রতিবাদে সরব মানবাধিকার সংগঠনগুলি

মানবাধিকার সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘সালেহ মহম্মদীর বিরুদ্ধে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অভিযোগ আনা হয়েছিল। তাঁর উপর অত্যাচার করে এই অভিযোগ স্বীকার করতে বাধ্য করা হয়েছে। এটা রাজনৈতিক হত্যা ছাড়া আর কিছু নয়। প্রতিবাদীদের কণ্ঠরোধ করা এবং সমাজকে আতঙ্কিত করে তোলার জন্য অ্যাথলিটদের নিশানা করছে ইরান সরকার।’ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের (Amnesty International) পক্ষ থেকে বলা হয়েছে, ‘ইরানের প্রতিবাদীদের বিরুদ্ধে ছুরি ও তলোয়ার দিয়ে দুই পুলিশ অফিসারকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই অভিযোগের বিচার প্রক্রিয়া শেষ করা হয়েছে। কোনও অর্থপূর্ণ বিচার করা হয়নি।’

আরও মৃত্যুদণ্ড হবে, আশঙ্কায় মানবাধিকার সংগঠন

ইরানের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, সরকার-বিরোধী বিক্ষোভ দমন করার জন্য আরও অনেকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। বিচার-বহির্ভূত হত্যাও হতে পারে। রাজনৈতিক বিরোধিতা মানতে নারাজ ইরান সরকার। এই কারণেই এভাবে প্রতিবাদীদের হত্যা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।