Sheikh Hasina: ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে ঢাকার দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা তাঁর।

ভারতে স্বেচ্ছা-নির্বাসনে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (NID) আবেদন জানিয়েছেন। সোমবার এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে বলে রয়টার্সের হাতে আসা নথিতে দেখা গেছে। ২০২৪ সালে দেশ ছেড়ে পালানোর পর এটাই তাঁর প্রথম এমন যোগাযোগ। ডিসেম্বরে দেশে ফেরার যে পরিকল্পনার কথা তিনি আগেই জানিয়েছিলেন, এই আবেদনকে তা বাস্তবায়নের দিকে সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

দেশে ফিরতে চেয়ে হাসিনার চিঠি

লন্ডনভিত্তিক আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি লিখেছেন। তাতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে জানা গেছে। সেই প্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত চুক্তির বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদনগুলি দ্রুত নিষ্পত্তির আর্জিও জানানো হয়েছে।

বাংলাদেশের আদালতের সামনে আত্মসমর্পণ করতে চান হাসিনা

রয়টার্সকে হাসিনা আগেই জানিয়েছিলেন, তিনি দেশে ফিরে আদালতের সামনে আত্মসমর্পণ করতে চান। তাঁর সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে। উল্লেখ্য, ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। নির্বাসনে থেকে তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

প্রায় ২ বছর দেশছাড়া হাসিনা

হাসিনার দল আওয়ামী লীগ এক সময় দেশের বৃহত্তম দল ছিল। তাঁর পতনের পর দলটিকে নিষিদ্ধ করা হয়েছে। দলের বহু নেতা-কর্মী হয় জেলে, নয়তো ভারত বা অন্য দেশে স্বেচ্ছা-নির্বাসনে। দুই দশক প্রধানমন্ত্রী থাকা হাসিনার প্রতি জনসংখ্যার একাংশের সমর্থন এখনও রয়েছে। তাই তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক বিভাজন আরও তীব্র করতে পারে, বিশেষ করে এমন সময়ে, যখন দুই বছরেরও বেশি অস্থিরতার পর ঢাকার সরকার স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে। অন্যদিকে, তাঁর ফেরা ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে। হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক তীব্রভাবে খারাপ হয়েছিল।

এ বিষয়ে মন্তব্যের জন্য দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি।