Sheikh Hasina's Bangladesh Return: আগামী মাসে বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণার পর বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। একাধিক রাজনৈতিক নেতা ও মন্ত্রী হাসিনার দেশে ফেরার সম্ভাবনা প্রসঙ্গে মুখ খুলেছেন। এবার হাসিনাকে সরাসরি হুমকি দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী।
Former Bangladesh Prime Minister Sheikh Hasina: আগামী মাসে যদি সত্যিই বাংলাদেশে ফেরেন, তাহলে আইন অনুযায়ী শাস্তি পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার এমনই হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান (Bangladesh Law Minister Md Asaduzzaman)। এদিন ঢাকার (Dhaka) এক হোটেলে 'বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার' বিষয়ক কর্মশালার উদ্বোধনে যান বাংলাদেশের আইনমন্ত্রী। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বলেন, 'শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয়, সেটা আমরা ডিউ প্রসেসে করছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে। এটা দেখবেন যে আমরা যখন কোনও পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনও বিষয় নেই। বিষয়টা হল, আমি আমার আইনটাকে প্রয়োগ করব।'
হাসিনাকে অপরাধী হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার
২০২৪ সালের ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের জেরে ঢাকা ছেড়ে দিল্লিতে (Delhi) চলে আসেন হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই অজ্ঞাত কোনও স্থানে আছেন। বাংলাদেশ সরকার তাঁকে প্রত্যর্পণ করতে বললেও, সেই কথায় কান দেয়নি নয়াদিল্লি। হাসিনাকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। এবার হাসিনা নিজেই বাংলাদেশে ফিরতে চাইছেন। এ প্রসঙ্গে বাংলাদেশের আইনমন্ত্রী বলেছেন, 'বন্দিবিনিময় চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি। তারা (ভারত) আমাদের হ্যান্ডওভার করলে আমরা তাঁকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করার দরকার, সেভাবে করব।' হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের আইনমন্ত্রী আরও বলেছেন, 'আমার কাছে উনি অপরাধী। আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী, এটা হল আমাদের কাছে তাঁর পরিচয়। তারা (ভারত) কী বলছেন, তারা বললে তো হবে না। আমার রাষ্ট্রে ওপেন আদালতে বিচার হয়েছে।'
হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে?
২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময় মানবতা-বিরোধী অপরাধের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা বাংলাদেশে ফিরলে এই রায় কার্যকর হতে পারে। তবে সেই ঝুঁকি নিয়েই বাংলাদেশে ফেরার কথা ঘোষণা করেছেন হাসিনা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














