মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেছেন যে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলেছে। তিনি জানান, আমেরিকা তিন রাত ধরে ইরানের জাহাজে হামলা চালিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে এক বড়সড় দাবি করেছেন। তাঁর মতে, এই প্রক্রিয়া নাকি 'ভালোভাবেই এগোচ্ছে'। যুদ্ধবিরতির আলোচনা বারবার ভেস্তে যাওয়ার পর লাগাতার হামলার আবহে ট্রাম্প জানান, আমেরিকা তিন রাত ধরে ইরানের জাহাজে হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ভালোভাবেই এগোচ্ছে। ওদের সঙ্গে বেশ ভালো বৈঠক হয়েছে, দেখা যাক কী হয়। আপনারা জানেন, আমরা তিন রাত ধরে ওদের ওপর কড়া হামলা চালিয়েছি। তবে এখন পরিস্থিতি ভালোই। তাই আমি একে পরমাণু নিরস্ত্রীকরণ বলছি এবং সব ঠিকঠাকই চলছে।"
আমেরিকার জন্যই শেয়ার বাজারে রেকর্ড
ট্রাম্প আরও দাবি করেন, আমেরিকা নিশ্চিত করছে যাতে ইরান পরমাণু অস্ত্র না পায়, আর সে কারণেই নাকি শেয়ার বাজার রোজ নতুন রেকর্ড গড়ছে। তিনি বলেন, "শেয়ার বাজার প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। তেলের দাম অনেকটাই কমেছে। আমি দেখলাম আজ ৬৮ ডলারে ঠেকেছে। আমি যখন ইরানের বিরুদ্ধে এই অভিযান শুরু করি, তার থেকেও এটা কম। আমাদের লক্ষ্য, ইরান যেন পরমাণু অস্ত্র না পায়। তাই তেলের দাম এখন কম, পেট্রোলের দামও হু হু করে কমছে।"
ট্রাম্প আরও বলেন, "আমার মনে হয় ওরা অনেক দূর এগিয়েছে। আমরা গত সপ্তাহে ওদের ওপর কড়া আঘাত হেনেছি। আমার মনে হয় ওরা ঠিক আছে। এটা ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ, বিষয়টা খুবই সহজ। ইরান পরমাণু অস্ত্র হাতে পেতে পারে না।"
ইরানের দাবি
এদিকে, ইরানের উপ-বিদেশমন্ত্রী কাজেম গরিবাবাদি বৃহস্পতিবার বাহরাইনে আমেরিকার নেতৃত্বে আয়োজিত এক আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনের তীব্র সমালোচনা করেছেন। পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে পশ্চিমি দেশগুলোর নিরাপত্তা কাঠামো চাপিয়ে দেওয়ার চেষ্টারও বিরোধিতা করেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এক পোস্টে গরিবাবাদি এই সামরিক সম্মেলনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সাফ জানিয়ে দেন, "হরমুজ প্রণালী ইরানের কমান্ডের অধীনে, সেন্টকমের (CENTCOM) নয়।" তাঁর মতে, বাহরাইনে বসে সামরিক সম্মেলন করে "পারস্য উপসাগরের জন্য আইনি শৃঙ্খলা ও নিরাপত্তা" প্রতিষ্ঠা করা সম্ভব নয়।


