রথ মানেই বৃষ্টির সম্ভাবনা এবারও কি সেই আপ্তবাক্য মিলবে হাওয়া অফিস উত্তর দিল সেই প্রশ্নেরই

রথযাত্রা হবে আর বৃষ্টি হবে না, এমন হয় না।বাড়ির বয়স্কদের মুখে মুখে ফেরা এই প্রবাদই সত্যি হয়েছে এবার। দীর্ঘ কালঘাম ছোটার পরে অবশেষে সদয় হয়েছে আবহাওয়া। বর্ষা এসেছে শহরে। কেমন থাকবে রথের আবহাওয়া, কী জানাচ্ছে আবহবিদরা?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রথের দিন রাজ্য জুড়েই বৃষ্টির সম্ভাবনা। সুস্পষ্ট নিম্নচাপ এখন দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড ও সংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গের সীমানা লাগোয়া অঞ্চলে অবস্থান করছে। আর এর সঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে একই জায়গায়। এর ফলেই আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। বেশি বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। দুই মেদিনীপুর,পুরুলিয়া,ঝাড়গ্রাম,দুই ২৪ পরগণাতে বৃ্ষ্টির সম্ভাবনা প্রবল। তবে টানা বৃষ্টি হবে না। আবহবিদরা আরও জানাচ্ছেন, কাল আবার বৃষ্টির পরিমান কমবে দক্ষিণবঙ্গে। অন্য দিকে উত্তরবঙ্গে পরশু থেকে বৃষ্টি বাড়বে। বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার অতিভারি বৃষ্টি হবে।

সমুদ্রে মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টায় যেতে নিষেধ করা হয়েছে। অন্য দিকে আবহাওয়াও অনেকটাই প্রশমিত হয়েছে। এই কয়েক দিনে তাপমাত্রা খুব একটা বাড়বে না। তবে আর্দ্রতাজনিত অস্বস্থি থাকবে সামান্য।

প্রসঙ্গত বহু দিন পরে বর্ষা এসেছে শহরে। গত ১০ বছরে এত বড় বৃষ্টির ঘাটতি আগে হয়নি। মূলত দুটি কারণে এই বিলম্ব। প্রথমত, বর্ষা দেরিতে ঢুকেছে। তারপর যখন সে এল, বড় কোনও কার্যকরী সক্রিয়তা ছিল না, ফলে বর্ষা দুর্বল হয়ে ঢুকেছে। তবু তার দেখা পেয়ে খুশি শহরবাসী। কে না জানে, সুখের থেকে সোয়াস্তি ভাল।