বাড়িতে বাগান না থাকলেও টবে আমলকি ফলানো সম্ভব। কলমের চারা লাগালে ৩-৫ বছরের মধ্যে ফল পাওয়া যায়, তবে ফল না আসার একটি বড় সমস্যা রয়েছে। এর প্রধান সমাধান হলো ক্রস-পলিনেশনের জন্য একসঙ্গে দুটি গাছ লাগানো, যা ফুল ঝরা রোধ করে ও ফলন বাড়ায়।
আমলকির উপকারিতা নিয়ে ইন্টারনেটে প্রচুর লেখালেখি রয়েছে। আপনিও যদি আমলকি খেতে ভালোবাসেন কিন্তু বাজার থেকে কিনে আনার সময় না পান, তাহলে বাড়িতেই লাগিয়ে ফেলতে পারেন। অনেকেই ভাবেন আমলকি গাছ লাগানোর জন্য বড় বাগান দরকার, কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। সঠিক জাত, উপযুক্ত গভীরতার টব আর ঠিকঠাক পরিচর্যা করলে টবেই দিব্যি আমলকি ফলানো যায়। যদি আপনি গ্রাফটেড বা কলমের চারা লাগান, তাহলে ৩-৫ বছরের মধ্যেই ফল পেতে শুরু করবেন। কিন্তু বীজ থেকে গাছ লাগালে ফল আসতে প্রায় ১০ বছর লেগে যেতে পারে। চলুন, জেনে নেওয়া যাক কী কৌশলে আপনিও নিজের গাছের আমলকি পেতে পারেন।
আমলকি লাগানোর জন্য কেমন টব বাছবেন?
শুরু করার জন্য ৬-৮ ইঞ্চির ছোট টব
গাছ বড় হলে ১২-১৬ ইঞ্চির বড় টব
আমলকি গাছের জন্য মাটি তৈরি করবেন কীভাবে?
২ ভাগ সাধারণ মাটি
১ ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার
১ ভাগ নদীর মোটা বালি
বাড়িতে লাগানোর জন্য কোন জাতগুলি ভালো?
যদি তাড়াতাড়ি ফল পেতে চান, তাহলে বীজ থেকে গাছ না লাগিয়ে গ্রাফটেড বা কলমের চারা লাগানো অনেক ভালো। কারণ বীজ থেকে লাগানো গাছে সব সময় ফল হবেই, এমন কোনও নিশ্চয়তা নেই। বাড়িতে লাগানোর জন্য আপনি NA-7, কৃষ্ণা NA-5, NA-10 বলবন্ত, ফ্রান্সিস-এর মতো জাতগুলি বেছে নিতে পারেন।
গাছে কখন জল দেবেন?
নতুন গাছে গরমকালে ৪-৫ দিন অন্তর জলের প্রয়োজন হতে পারে।
মাটি শুকিয়ে গেলেই তবে জল দিন।
জল দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে।
জল দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা এবং ভারসাম্য বজায় রাখুন।
আমলকি গাছে ফল না এলে কী করবেন?
আমলকি গাছ লাগানো সহজ হলেও, সবচেয়ে বড় সমস্যা হল ফল পাওয়া নিয়ে। অনেকেই অভিযোগ করেন যে ঠিকমতো যত্ন নেওয়ার পরেও গাছে ফল আসছে না। এর সমাধান হল, কখনও একটি গাছ লাগাবেন না, একসঙ্গে দুটো গাছ লাগান। এটাই আমলকি চাষের 'গোল্ডেন রুল' বা সোনালী নিয়ম।
দুটো গাছ লাগানোর সুবিধা
আমলকি গাছে ভালো পরাগরেণুর জন্য ক্রস-পলিনেশন বা ইতর পরাগযোগ খুব জরুরি। যখন কাছাকাছি দুটো গাছ থাকে, তখন হাওয়া, মৌমাছি এবং অন্যান্য কীটপতঙ্গের মাধ্যমে পরাগরেণু সহজেই এক গাছ থেকে অন্য গাছে পৌঁছে যায়।
এই পরাগযোগ প্রক্রিয়াটি ঠিকঠাকভাবে সম্পন্ন হলে ফুল ঝরে যাওয়া বন্ধ হয়ে যায়। এর ফলে প্রায় প্রতিটি ফুলই ফলে পরিণত হয়।
আমলকি চাষের কিছু জরুরি টিপস
বীজের বদলে কলমের চারা লাগান।
ফলন্ত গাছের জন্য বড় টব ব্যবহার করুন।
প্রতিদিন ৬-৮ ঘণ্টা সরাসরি রোদ প্রয়োজন।
খেয়াল রাখুন যেন টবের মাটিতে জল না জমে।
ক্রস-পলিনেশনের জন্য ভিন্ন ভিন্ন জাতের চারা লাগাতে পারেন।
সময়মতো গাছের শুকনো পাতা ছেঁটে ফেলুন।
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক ব্যবহার করুন।
