বর্ষাকালে আদ্রতার কারণে ওষুধ নষ্ট হওয়া একটি সাধারণ সমস্যা। অনেকেই ভুল করে সব ওষুধ ফ্রিজে রাখেন বা ট্যাবলেট পাতা থেকে বের করে কৌটায় রাখেন, যা ওষুধের গুণমান নষ্ট করে।

বর্ষা মানেই ঘরে আদ্রতা আর ফাঙ্গাস। আর এই আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের ওষুধের। ১০ টাকার স্ট্রিপ কিনে এনে ১৫ দিন পর দেখলেন ট্যাবলেট নরম হয়ে গেছে বা রং পাল্টে গেছে। তখন খেয়েও লাভ নেই, বরং ক্ষতি। ডাক্তার আর ফার্মাসিস্টরা বলছেন বর্ষায় মানুষ ২টো কমন ভুল সবচেয়ে বেশি করে।

সব ওষুধ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া:

অনেকেই ভাবেন ফ্রিজ ঠান্ডা তাই ওষুধ ভালো থাকবে। কিন্তু এটা পুরো ভুল। ফ্রিজের ভেতরে আদ্রতা থাকে। আর ফ্রিজ থেকে ওষুধ বের করে ঘরের গরমে আনলে Condensation হয়। মানে বোতল বা পাতার গায়ে জল জমে যায়।

কোন ওষুধ ফ্রিজে রাখবেন? শুধু যেগুলোর পাতায় বা বোতলে লেখা আছে Refrigerate বা 2°C - 8°C`। যেমন কিছু ইনসুলিন, সিরাপ, আই ড্রপ।

আর কোনগুলো রাখবেন না? প্যারাসিটামল,অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ক্যাপসুল, ভিটামিন`। এগুলো ফ্রিজে রাখলে আদ্রতার জন্য গলে যায় আর পাওয়ার কমে যায়।

ব্লিস্টার পাতা থেকে ট্যাবলেট বের করে কৌটায় রাখা: আমরা অনেকে সুবিধার জন্য ট্যাবলেটের পাতা কেটে বা সব ট্যাবলেট একটা কৌটায় ঢেলে রাখি। এটা বর্ষায় সবচেয়ে বড় ভুল।

ব্লিস্টার প্যাক বা ফয়েল পাতা আসলে একটা প্রোটেকশন। এটা হাওয়া, আলো আর আদ্রতা থেকে ওষুধকে বাঁচায়। পাতা থেকে বের করার পর ট্যাবলেট সরাসরি বাতাসের সংস্পর্শে আসে। বর্ষার ভিজে হাওয়া লেগেই ৭ দিনে ওষুধের গুণ নষ্ট হয়ে যায়। তার ওপর কৌটার মুখ ভালো করে বন্ধ না হলে ফাঙ্গাসও ধরে যায়।

তাহলে বর্ষায় ওষুধ ঠিকভাবে রাখবেন কোথায় রাখবেন? ৪টে টিপস

১. ঠান্ডা, শুকনো আর অন্ধকার জায়গা: বাথরুম বা রান্নাঘর একদম না। এগুলো সবচেয়ে ভিজে জায়গা। বেডরুমের আলমারি বা ড্রয়ারের ভেতর রাখুন। তাপমাত্রা যেন ২৫°C এর নিচে থাকে।

২. পাতা থেকে বের করবেন না: যতদিন না খাচ্ছেন ততদিন ওষুধ পাতার ভেতরেই রাখুন। একটা ট্যাবলেট বের করার পর পাতাটা ভালো করে ভাঁজ করে দিন যাতে হাওয়া না ঢোকে।

৩. সিরাপ আর ড্রপের মুখ: সিরাপ খাওয়ার পর বোতলের মুখ টিস্যু দিয়ে মুছে ক্যাপ ভালো করে আটকান। আই ড্রপ বা কানের ড্রপ ব্যবহারের পর মুখ পরিষ্কার করুন। নাহলে ফাঙ্গাস হবে।

৪. ওষুধের বাক্স ফেলবেন না: ওষুধের কার্টুন আর লিফলেটে লেখা থাকে কীভাবে রাখতে হবে আর মেয়াদ কতদিন। বাক্স ফেলে দিলে আপনি সেটা জানবেন না।

কীভাবে বুঝবেন ওষুধ নষ্ট হয়ে গেছে? ট্যাবলেট যদি নরম হয়ে যায়, গুঁড়ো হয়ে যায়, রং পাল্টায় বা অদ্ভুত গন্ধ বের হয় তাহলে সেটা আর খাবেন না। সিরাপ ঘোলা হয়ে গেলে বা ফাঙ্গাস দেখা গেলেও ফেলে দিন। সন্দেহ হলে ১ টাকার ওষুধের জন্য রিস্ক নেবেন না।

ওষুধ হল টাকা দিয়ে কেনা ট্রিটমেন্ট। ঠিকভাবে না রাখলে সেই টাকাও জলে যাবে আর রোগও সারবে না। বর্ষায় একটু এক্সট্রা কেয়ার নিন।