চিনের এক বাবা তাঁর ছেলের টিভি দেখার অভ্যাসে লাগাম টানতে এক অভিনব উপায় বের করেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তিনি এমন একটি সিস্টেম তৈরি করেছেন, যা প্রতি ১০ মিনিট অন্তর টিভি শো বন্ধ করে দেয় এবং স্কুলের পড়া থেকে প্রশ্ন করে।
ছেলের মাত্রাতিরিক্ত টিভি দেখার অভ্যাসে রাশ টানতে এক অভিনব উপায় বের করেছেন চিনের শেনঝেনের এক বাবা। পুরোপুরি টিভি দেখা বন্ধ না করে তিনি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত সিস্টেম চালু করেছেন। এই সিস্টেমের সাহায্যে ছেলে তার পছন্দের প্রোগ্রাম দেখার মাঝে স্কুলের পড়াশোনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য হয়।
জানা গিয়েছে, ওই বাবা পেশায় একজন ট্যাক্সি ড্রাইভার। তিনি তাঁর জুনিয়র সেকেন্ডারি স্কুলে পড়া ছেলের পড়াশোনায় মনোযোগ ফেরাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন। ছেলেটি অনেকক্ষণ ধরে টিভি দেখত, যার ফলে বাবা তার স্ক্রিন টাইম কমানোর জন্য বিভিন্ন উপায় খুঁজতে শুরু করেন।
তবে তাঁর আগের চেষ্টাগুলো কাজে আসেনি। টিভির ইনবিল্ট প্রশ্নোত্তর ফিচারটি সহজেই বাইপাস করা যেত, আবার একটা নির্দিষ্ট সময়ে টিভি বন্ধ করার জন্য ডিজাইন করা স্মার্ট প্লাগটিও অকেজো হয়ে যায় যখন ছেলেটি সেটা আনপ্লাগ করে দেয়।
প্রতি ১০ মিনিট অন্তর টিভি স্ক্রিনে আসে স্কুলের প্রশ্ন
বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর, অক্টোবর মাসে বাবা আরও একটু সৃজনশীল সমাধানের জন্য একটি এআই অ্যাপ্লিকেশনের সাহায্য নেন। প্রযুক্তিটি এমন একটি প্রোগ্রাম তৈরি করার পরামর্শ দেয়, যাতে ছেলেটি আবার টিভি দেখতে শুরু করার আগে তাকে শিক্ষামূলক প্রশ্নের উত্তর দিতে হবে।
এআই-এর সাহায্যে তিনি প্রোগ্রামটি তৈরি এবং পরিমার্জন করেন, তারপর সেটা টিভিতে ইনস্টল করেন।
এখন সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি ১০ মিনিট অন্তর তিনটে বিষয়ের প্রশ্ন নিয়ে টিভি দেখা বন্ধ করে দেয়। এই বিষয়গুলি হল- চিনা ভাষা, অঙ্ক এবং ইংরেজি। ছেলেটি স্কুলে যে বিষয়গুলো পড়ছে তার উপর ভিত্তি করেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়।
এখানে আরও একটা শর্ত রয়েছে। যদি ছেলে ভুল উত্তর দেয়, তবে তাকে আরও একটা প্রশ্নের সমাধান করতে হবে। সঠিক উত্তর দেওয়ার পরেই তার টিভি প্রোগ্রাম আবার শুরু হয়।
মজার বিষয় হল, বাবা খেয়াল করেন যে তাঁর ছেলে এই বাধায় খুব একটা বিরক্ত হয়নি। বরং ছেলেটি ধীরে ধীরে ক্যুইজগুলো উপভোগ করতে শুরু করে, স্ক্রিন টাইম নিয়ে যে ঝগড়া হতে পারত সেটাকে একটা ইন্টারেক্টিভ লার্নিং অ্যাক্টিভিটিতে পরিণত করে।
চিনা বাবার এআই পরীক্ষা অন্যান্য বাবা-মায়ের নজর কেড়েছে
এই পরীক্ষাটি চিনের অন্যান্য বাবা-মায়ের মধ্যেও বেশ মনোযোগ আকর্ষণ করেছে। অনেকেই নাকি ওই বাবার কাছে জানতে চেয়েছেন কীভাবে তাঁরা নিজেদের বাড়িতেও এই ধরনের সিস্টেম চালু করতে পারেন।
বাবা জানিয়েছেন যে ইনস্টলেশন প্রক্রিয়াটি বুঝিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করতে তাঁর আরও কয়েকদিন সময় লাগবে, কারণ বিভিন্ন মডেলের টিভিতে আলাদা আলাদা সেফটি এবং প্রাইভেসি সেটিংস থাকে।
তিনি আরও স্পষ্ট করেছেন যে তাঁর উদ্দেশ্য কখনোই ছেলেকে পুরোপুরি টিভি দেখা থেকে আটকানো ছিল না। বরং, তিনি স্ক্রিন টাইমকে আরও প্রোডাক্টিভ করতে চেয়েছিলেন এবং একইসঙ্গে পড়াশোনার প্রতি ছেলের আগ্রহ বাড়াতে চেয়েছিলেন।
সাউথ চায়না মর্নিং পোস্টের একটা রিপোর্ট অনুযায়ী, বাবা এই ব্যবস্থাটাকে তাঁদের দুজনের জন্যই একটা শিক্ষণীয় প্রক্রিয়া বলে বর্ণনা করেছেন। এমনকি তিনি তাঁর ছেলেকে সিস্টেমটাকে বাইপাস করার উপায় খুঁজতে দেন, অন্যদিকে তিনি এর দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলো ঠিক করার চেষ্টা করেন।
চিনে এআই-চালিত শিক্ষার প্রতি ক্রমবর্ধমান আগ্রহের মধ্যেই এই পরীক্ষাটি সামনে এসেছে। ইন্টারেক্টিভ এআই টিউটরদের ব্যবহার ক্রমশ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে, আবার শিশুরাও শিক্ষামূলক সমাধান তৈরি করতে এই প্রযুক্তি অন্বেষণ করছে। রিপোর্টে সাংহাইয়ের এক ১৩ বছর বয়সী মেয়ের কথাও তুলে ধরা হয়েছে, যে বাবা-মায়েদের সন্তানদের পড়াশোনার অভ্যাসে নজর রাখতে সাহায্য করার জন্য একটা এআই টুল তৈরি করেছিল এবং অগস্ট মাসে একটি জাতীয় এআই মার্কেটিং প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার জিতেছিল।












