ডায়েট করছেন, জিমে যাচ্ছেন, তবুও পেটের মেদ কমছে না? রাতে ঘুম আসে না, সারাদিন ক্লান্ত লাগে, আর মিষ্টি খাওয়ার ক্রেভিং বাড়ছে? যদি আপনার বয়স ৩৫-এর উপর হয় এবং এই সমস্যাগুলো একসঙ্গে হচ্ছে, তাহলে আপনি একা নন। সম্প্রতি পুষ্টিবিদ রাশি চৌধরী তাঁর ইনস্টাগ্রাম ভিডিয়োতে জানিয়েছেন, এটি কোনও সাধারণ মেদ নয়, এটি হল কর্টিসলের ত্রিকোণ চক্র।

ডায়েট করছেন, জিমে যাচ্ছেন, তবুও পেটের মেদ কমছে না? রাতে ঘুম আসে না, সারাদিন ক্লান্ত লাগে, আর মিষ্টি খাওয়ার ক্রেভিং বাড়ছে? যদি আপনার বয়স ৩৫-এর উপর হয় এবং এই সমস্যাগুলো একসঙ্গে হচ্ছে, তাহলে আপনি একা নন। সম্প্রতি পুষ্টিবিদ রাশি চৌধরী তাঁর ইনস্টাগ্রাম ভিডিয়োতে জানিয়েছেন, এটি কোনও সাধারণ মেদ নয়, এটি হল কর্টিসলের ত্রিকোণ চক্র। আর এই চক্রে একবার ঢুকে পড়লে শুধু কম খেয়ে বা বেশি হেঁটে কোনও লাভ হয় না।

কর্টিসল হল আমাদের শরীরের স্ট্রেস হরমোন। যখন আমরা মানসিক চাপে থাকি বা রাতে ঠিক মতো ঘুম হয় না, তখনই এই হরমোন বেড়ে যায়। আর এই বাড়তি কর্টিসলই শরীরে তিনটি জিনিস একসঙ্গে ঘটায়। প্রথমত, রাতে ৬ ঘণ্টার কম ঘুম হলে শরীরে কর্টিসল বেড়ে যায়, আর কর্টিসল বাড়লে পরের দিনও ঘুম ভালো হয় না। দ্বিতীয়ত, বেশি কর্টিসল আমাদের ইনসুলিনের কাজে বাধা দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা ওঠানামা করতে থাকে। তখন বারবার খিদে পায়, বিশেষ করে মিষ্টি ও ভাজাভুজি খেতে ইচ্ছে করে। আর তৃতীয়ত, রক্তে শর্করা বাড়লে এবং কর্টিসল বেশি থাকলে শরীর পেটের চারপাশে ফ্যাট জমাতে শুরু করে। একে বলে ভিসেরাল ফ্যাট, যা সবচেয়ে বিপজ্জনক। আর পেটে মেদ জমলে ঘুম আরও খারাপ হয়। এভাবেই তৈরি হয় একটি ত্রিকোণ চক্র, যেখান থেকে বেরোনো কঠিন হয়ে পড়ে।

পুষ্টিবিদের মতে, ৩৫ বছরের পর মহিলাদের এই সমস্যা বেশি দেখা যায়। কারণ এই বয়সের পর মহিলাদের ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন ধীরে ধীরে কমতে থাকে। তখন শরীর স্ট্রেস সামলাতে পারে না। সংসার, অফিস, মেনোপজের আগের শারীরিক পরিবর্তন - সব মিলিয়ে কর্টিসল আরও বাড়ে। তাই এই বয়সের পর পেটের মেদ সহজে কমতে চায় না। এটি কোনও ইচ্ছাশক্তির অভাব নয়, বরং হরমোনের খেলা।

এই চক্র থেকে বেরোতে হলে আগে কর্টিসলকে শান্ত করতে হবে। পুষ্টিবিদের পরামর্শ, রাত ১০.৩০ থেকে ১১টার মধ্যে ঘুমাতে যান এবং রোজ ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমানোর এক ঘণ্টা আগে ফোন বন্ধ করে দিন। ঘুম থেকে উঠে খালি পেটে চা-কফি না খেয়ে প্রথমে ২০-৩০ গ্রাম প্রোটিন খান, যেমন দুটো ডিম, ছাতু বা গ্রিক ইয়োগার্ট। এতে রক্তে শর্করা স্থিতিশীল থাকবে এবং সারাদিন খিদে কম পাবে। পাশাপাশি রোজ ১০ মিনিট হাঁটুন, শ্বাসের ব্যায়াম করুন এবং বিকেল ৪টের পর কফি খাওয়া এড়িয়ে চলুন। ম্যাগনেসিয়াম যুক্ত খাবার যেমন কলা, বাদাম, ডার্ক চকলেট খেলে স্ট্রেস কমবে। মনে রাখবেন, শুধু কম খেয়ে এই মেদ কমবে না, আগে হরমোনকে ঠিক করতে হবে।