Geyser buying Tips: শীতের আগে গিজার কেনার পরিকল্পনা করছেন? পরিবারের সদস্য সংখ্যা, জলের ব্যবহার এবং বাথরুমের আকার না বুঝে গিজার কিনলে বাড়তে পারে বিদ্যুতের বিল, বাড়তে পারে দুর্ঘটনার ঝুঁকিও। জেনে নিন ৫টি জরুরি বিষয়। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Geyser buying Tips: শীতের আগে কিনবেন গিজার? এই ৫ বিষয় মাথায় রাখুন, নইলে বাড়তে পারে বিদ্যুতের বিল, দুর্ঘটনার ঝুঁকি। তাই গিজার কেনার আগে পরিবারের সদস্য সংখ্যা, জলের ব্যবহার এবং বাথরুমের আকারের মতো বিষয়গুলি বিবেচনা করা জরুরি। জেনে নিন, নতুন গিজার কেনার আগে কোন ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখবেন।
১. পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী গিজারের আকার
গিজার কেনার আগে পরিবারের সদস্য সংখ্যা এবং প্রতিদিন কতটা গরম জলের প্রয়োজন হয়, তা হিসাব করে নিন। ছোট পরিবারের জন্য ইনস্ট্যান্ট গিজার ভাল। এই ধরনের গিজার অল্প সময়ের মধ্যেই জল গরম করে দেয়। অন্যদিকে, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে স্টোরেজ গিজার কেনা সুবিধাজনক। এতে আগে থেকে গরম জল জমা রাখা যায়। তবে প্রয়োজনের তুলনায় বড় গিজার কিনলে অকারণে বেশি জল গরম করতে গিয়ে বিদ্যুতের খরচ বাড়তে পারে। পাশাপাশি বড় ট্যাঙ্কের জল গরম হতেও তুলনামূলক বেশি সময় লাগে।
২. সিকিউরিটি ফিচার দেখে তবেই কিনুন
বিদ্যুৎচালিত যন্ত্র কেনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি কখনও উপেক্ষা করা উচিত নয়। তাই গিজার কেনার আগে সেটিতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করুন। বিশেষজ্ঞদের মতে, ভালো মানের গিজারে ক্যাপিলারি থার্মোস্ট্যাট, অটোমেটিক থার্মাল কাট-অফ এবং প্রেসার রিলিজ ভালভের মতো ফিচার থাকা প্রয়োজন। অতিরিক্ত তাপমাত্রা বা চাপ তৈরি হলে এই সুরক্ষা ব্যবস্থাগুলি দুর্ঘটনার ঝুঁকি কমাতে সাহায্য করে।
৩. জলের গুণমান ও চাপ অনুযায়ী গিজার
আপনার এলাকায় সরবরাহ করা জলে যদি বেশি আয়রন হয়, তাহলে গিজারের ভিতরে দ্রুত স্কেল জমতে পারে। এর ফলে হিটিং এলিমেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যন্ত্রের কার্যক্ষমতাও কমে যেতে পারে। এক্ষেত্রে অ্যান্টি-স্কেল প্রযুক্তি এবং বিশেষ সুরক্ষামূলক আবরণযুক্ত ট্যাঙ্কের গিজার বেছে নেওয়া ভালো। অন্যদিকে, বহুতল আবাসনে জলের চাপ তুলনামূলক বেশি হতে পারে। তাই সেখানে উচ্চ জলচাপ সহ্য করতে সক্ষম এবং মজবুত কাঠামোর গিজার কেনা উচিত।
৪. বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি ওয়ারেন্টিও যাচাই করুন
গিজার কেনার সময় শুধু কেনার দাম দেখলেই হবে না, সেটি ব্যবহার করতে প্রতি মাসে কতটা বিদ্যুৎ খরচ হবে, সেটিও বিবেচনা করতে হবে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ৫-স্টার এনার্জি রেটিংযুক্ত মডেল বেছে নিতে পারেন। পাশাপাশি ভালো ইনসুলেশনযুক্ত গিজার কিনলে গরম জল দীর্ঘক্ষণ গরম থাকে। ফলে বারবার জল গরম করার প্রয়োজন কমতে পারে। কেনার আগে পণ্যের ওয়ারেন্টির শর্তও ভালোভাবে পড়ে নিন। বিশেষ করে ট্যাঙ্ক ও হিটিং এলিমেন্টের জন্য কত দিনের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে, তা যাচাই করা জরুরি।
৫. বাজেট অনুযায়ী বেছে নিন স্মার্ট গিজার
বর্তমানে বাজারে বিভিন্ন দামের ইনস্ট্যান্ট ও স্টোরেজ গিজার পাওয়া যায়। সাধারণত ৪,০০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে ভালো মানের ইনস্ট্যান্ট গিজার পাওয়া যেতে পারে। অন্যদিকে, স্টোরেজ গিজার কিনতে মডেল ও ধারণক্ষমতা অনুযায়ী প্রায় ৭,০০০ থেকে ১১,০০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়াও, প্রযুক্তির উন্নতির সঙ্গে বাজারে এসেছে স্মার্ট গিজার। এই ধরনের গিজার ওয়াই-ফাই ও মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কিছু মডেলে অ্যামাজন অ্যালেক্সা বা গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে ভয়েস কমান্ড দেওয়ার সুবিধাও রয়েছে।














