আজকাল শিশুদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিস আশঙ্কাজনকভাবে বাড়ছে, যার অন্যতম প্রধান কারণ সফট ড্রিঙ্কস ও ফাস্ট ফুড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই চিনিযুক্ত পানীয় ইনসুলিন ক্ষমতা নষ্ট করে এবং ডায়াবেটিস ছাড়াও ফ্যাটি লিভার ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

আজকালকার দিনে ফাস্ট ফুড আর সফট ড্রিঙ্কস খাওয়াটা বাচ্চাদের কাছে একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই অভ্যাসের ফলেই একটা বড় বিপদ ঘটছে। যে টাইপ-২ ডায়াবেটিস (Type 2 Diabetes) আগে শুধু বড়দের হতো, সেটাই এখন বাচ্চা আর কিশোর-কিশোরীদের মধ্যে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) গবেষণা এই অশনি সঙ্কেতই দিচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শিশুদের মধ্যে বাড়তে থাকা ডায়াবেটিস আর ওবেসিটি রুখতে WHO দেশগুলোকে সফট ড্রিঙ্কসের মতো চিনিযুক্ত পানীয়ের ওপর বিশেষ কর বসানোর পরামর্শ দিয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত যে, এই ধরনের পানীয় শরীরের মেটাবলিজম বা হজম প্রক্রিয়াকে গোলমাল করে দেয় এবং ইনসুলিন তৈরির ক্ষমতাতেও খারাপ প্রভাব ফেলে।

সফট ড্রিঙ্কসে থাকা অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ করে বাড়িয়ে দেয়। গবেষণা বলছে, যদি কোনও শিশু রোজ এক ক্যান করেও সফট ড্রিঙ্ক পান করে, তাহলে তার টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২০ শতাংশের বেশি বেড়ে যায়। শুধু ডায়াবেটিস নয়, এর ফলে ছোটদের মধ্যে ফ্যাটি লিভার এবং ভবিষ্যতে হৃদরোগের আশঙ্কাও তৈরি হচ্ছে।

আগেকার দিনে শিশুদের মধ্যে মূলত টাইপ-১ (অটোইমিউন) ডায়াবেটিসই বেশি দেখা যেত। কিন্তু এখনকার ভুল জীবনযাত্রার কারণে টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগ ছোটবেলাতেই শরীরে বাসা বাঁধছে।

কীভাবে প্রতিরোধ করবেন?

বাচ্চাদের খাবার তালিকা থেকে কৃত্রিম পানীয় এবং প্রসেসড জাঙ্ক ফুড পুরোপুরি বাদ দিন।

এর বদলে ফল, শাকসবজি এবং ফাইবারযুক্ত পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি করুন।

বাচ্চারা যাতে প্রতিদিন অন্তত এক ঘণ্টা খেলাধুলো বা ব্যায়াম করে, সেটা নিশ্চিত করুন।