বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন গবেষণা অনুযায়ী, সঠিক জীবনযাপন ও ঝুঁকির কারণগুলো এড়িয়ে বিশ্বের প্রায় ৪০ শতাংশ ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। তামাক, অ্যালকোহল, বায়ুদূষণ এবং কিছু সংক্রমণের মতো কারণগুলো নিয়ন্ত্রণ করলে মারণ ক্যানসার ঠেকানো যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের একটি যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বে ১০টির মধ্যে ৪টি ক্যানসারের ক্ষেত্রে ঝুঁকির কারণগুলো (risk factors) মোকাবিলা করে তা প্রতিরোধ করা সম্ভব।

গবেষকদের দাবি, ২০২২ সালে রিপোর্ট হওয়া নতুন ক্যানসার রোগীর ৩৭ শতাংশ (প্রায় ৭১ লক্ষ মানুষ) ঠেকানো যেত। ১৮৫টি দেশে ৩৬ ধরনের ক্যানসারের ওপর এই গবেষণা করা হয়েছে। তামাক ও অ্যালকোহল সেবন, অতিরিক্ত ওজন, কায়িক শ্রমের অভাব, বায়ুদূষণ, আলট্রাভায়োলেট রশ্মি এবং ক্যানসারের জন্য দায়ী ৯টি সংক্রমণ-সহ মোট ৩০টি প্রতিরোধযোগ্য ঝুঁকির কারণ এখানে খতিয়ে দেখা হয়েছে।

বিশ্বে নতুন ক্যানসার আক্রান্তদের প্রায় ১৫ শতাংশের জন্য দায়ী তামাক। একে এড়ানো সম্ভব। ধূমপানের সঙ্গে শুধু ফুসফুস নয়, মুখ, গলা এবং খাদ্যনালীর ক্যানসারেরও গভীর সম্পর্ক রয়েছে। পুরুষদের নতুন ক্যানসারের ২৩ শতাংশই তামাক ব্যবহারের ফল।

নতুন ক্যানসার রোগীর প্রায় ১০ শতাংশই সংক্রমণের কারণে ঘটে থাকে। তামাকের পরই এটা দ্বিতীয় বড় কারণ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সারভিক্যাল ক্যানসারের প্রধান কারণ। পাকস্থলীর ক্যানসারের একটি বড় কারণ হল হেলিকোব্যাক্টর পাইলোরি (Helicobacter pylori)। একইভাবে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস লিভার ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

বিশ্বজুড়ে নতুন ক্যানসারের প্রায় ৩ শতাংশের কারণ অ্যালকোহল। নিয়মিত মদ্যপান স্তন, লিভার, মুখ, গলা, খাদ্যনালী এবং অন্ত্রের ক্যানসারের সঙ্গে যুক্ত।

পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে যে ক্যানসারগুলো ঠেকানো যায়, তার অর্ধেকই হল ফুসফুস, পাকস্থলী এবং সারভিক্যাল ক্যানসার। ফুসফুসের ক্যানসারের অন্যতম কারণ ধূমপান এবং বায়ুদূষণ। এইচ. পাইলোরির কারণে পাকস্থলীর ক্যানসার এবং এইচপিভির কারণে মূলত সারভিক্যাল ক্যানসার হয়।

দীর্ঘদিন ধরে ঘরের বাইরের এবং ভেতরের বায়ুদূষণের সংস্পর্শে থাকলে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে। সূর্যের আলো এবং কৃত্রিম ট্যানিংয়ের (ত্বকের রং বদলানো) জন্য ব্যবহৃত যন্ত্রের আলট্রাভায়োলেট রশ্মি ত্বকের কোষের ক্ষতি করে এবং স্কিন ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে দেয়।

তামাক এড়িয়ে চলা, সঠিক ওজন বজায় রাখা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, মদ্যপান কমানো এবং হেপাটাইটিস বি-এর টিকা নেওয়া ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।