পুজোয় একা ঘুরতে বিরক্ত লাগছে? পার্টনার ভাড়া করুন! ঘণ্টা হিসাবে মিলবে সঙ্গী। এমনই এক পোস্টারে ছেয়ে গেছে Facebook, Instagram
দুর্গাপুজো মানেই নতুন জামা, প্যান্ডেল হপিং আর প্রেম। আর সেই আবেগকেই কাজে লাগিয়ে নেটপাড়ায় এখন ভাইরাল এক অদ্ভুত বিজ্ঞাপন। পোস্টারে বড় বড় করে লেখা - "পুজোয় একা? পার্টনার বুক করুন!"
বিজ্ঞাপনে রীতিমতো প্যাকেজ দেওয়া হয়েছে। ২ ঘণ্টার জন্য খরচ ৭৯৯ টাকা, যেখানে থাকছে প্যান্ডেল হপিং, গল্প-আড্ডা, সেলফি-ভিডিও আর কফি খাওয়া। ৪ ঘণ্টার প্যাকেজ ১৩৯৯ টাকায় থাকছে প্রতিমা দর্শন, একবেলা খাওয়া-দাওয়া আর রিল বানানোর সুযোগ। আর পুরো দিন অর্থাৎ ৮ ঘণ্টার জন্য ২২৯৯ টাকা। সেখানে পার্টনার সারাদিন আপনার সঙ্গেই থাকবে, হাত ধরে ভিড় ঠেলে এগিয়ে যাবে, মন দিয়ে আপনার কথা শুনবে, ছবি তুলে দেবে। বুকিং করতে হবে ফোন বা DM করে, তাও আবার অগ্রিম টাকা দিয়ে।

এই পোস্ট দেখেই হইচই পড়ে গেছে নেটিজেনদের মধ্যে। অনেকেই মজা করে লিখছেন, "এবার আর সিঙ্গেলদের চিন্তা নেই", আবার কেউ লিখছেন "এটা কি সত্যি?"
কিন্তু আসল সত্যিটা একেবারেই অন্য। খোঁজ নিয়ে জানা গেছে, এই বিজ্ঞাপনের কোনও সত্যতা নেই। যে যুবকের ছবি দিয়ে এই বিজ্ঞাপন ভাইরাল হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা হলে সে নিজেই জানিয়েছে, সে এমন একটি পোস্ট দেখে মজা করে নিজের ছবি দিয়ে এডিট করে পোস্ট করেছে, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য। কারও পার্টনার হওয়ার কোনও ইচ্ছাই তার নেই।
এই ধরনের পোস্ট নজরে এসেছে পুলিশেরও। পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, এই ধরনের বিজ্ঞাপন হতে পারে সেক্সটরশনের নতুন ফাঁদ। প্রথমে অগ্রিম টাকা নেওয়া, তারপর পুজোর ভিড়ে ঘনিষ্ঠ ছবি তুলে ব্ল্যাকমেল করে আরও টাকা হাতিয়ে নেওয়াই এদের মূল উদ্দেশ্য হতে পারে। তাই লোভে পড়ে এমন অচেনা লিঙ্কে বা নম্বরে যোগাযোগ না করাই ভালো। পুজোর আনন্দ নিজের কাছের মানুষের সঙ্গেই উপভোগ করুন, ভাড়া করা পার্টনারের ফাঁদে পা দেবেন না।
