ডেটিংয়ের দুনিয়ায় নতুন ট্রেন্ড ‘গ্লুয়িং’। নামটা মিষ্টি শোনালেও এর ফাঁদে পড়ে অনেকেই ভুল ও টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন, নিজের অজান্তেই। কী এই গ্লুয়িং?
ব্রেকআপ, ঘোস্টিং, বেনচিং, সিচুয়েশনশিপ— ডেটিংয়ের দুনিয়ায় রোজ নতুন নতুন শব্দ যোগ হচ্ছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন ‘গ্লুয়িং’। নামটা শুনে মনে হতে পারে আঠার মতো আটকে থাকা বা খুব গভীর প্রেম, কিন্তু মনোবিদরা বলছেন ঠিক উল্টোটা। এই গ্লুয়িং-ই আপনাকে ভুল সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে।
বিষয়টি ঠিক কী?
গ্লুয়িং মানে হল, সম্পর্কটা যে ভেঙে গেছে বা টক্সিক হয়ে গেছে, সেটা জেনেও আঠার মতো সেটাকে আঁকড়ে ধরে থাকা। অনেকটা ভাঙা কাচকে আঠা দিয়ে জোড়া লাগানোর মতো। আপনি জানেন এই সম্পর্ক আর চলবে না, আপনার পার্টনার আপনাকে সম্মান করে না, বারবার কষ্ট দেয়, তবুও আপনি ছাড়তে পারছেন না।
মনোবিদদের মতে, এটা এক ধরনের Emotional Dependency। "এতদিন একসঙ্গে আছি, এখন ছেড়ে দিলে সব শেষ", "ও ছাড়া আমি থাকতে পারব না", "হয়তো ও বদলে যাবে"— এই ভাবনাগুলো থেকেই মানুষ গ্লুয়িং করে।
কেন ভুল সম্পর্কে জড়িয়ে ফেলতে পারে?
১. অভ্যাসকে ভালোবাসা ভেবে ফেলা: দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে একটা অভ্যাস তৈরি হয়। সেই অভ্যাসটাকেই আমরা ভালোবাসা ভেবে ভুল করি। গ্লুয়িংয়ে মানুষ অভ্যাসের মায়া কাটাতে পারে না।
২. একা হয়ে যাওয়ার ভয়: অনেকেই ভাবেন, এই সম্পর্ক ভাঙলে আমি একা হয়ে যাব, আর কাউকে পাব না। এই ভয় থেকেই খারাপ সম্পর্কেও আটকে থাকেন।
৩. নিজের আত্মসম্মান কমে যাওয়া: গ্লুয়িং করতে করতে মানুষ নিজের গুরুত্ব ভুলে যায়। পার্টনারের খারাপ ব্যবহার সহ্য করেও মনে করে, "আমারই দোষ"। এর ফলে টক্সিক সম্পর্ক আরও টক্সিক হয়।
৪. ভালো স্মৃতি আঁকড়ে থাকা: সম্পর্কের শুরুর দিকের ভালো সময়গুলো মনে করে মানুষ ভাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু বর্তমানের খারাপ ব্যবহারকে উপেক্ষা করে।
কীভাবে বুঝবেন আপনি গ্লুয়িং করছেন?
যদি সম্পর্কে থাকার থেকে কষ্ট বেশি পান, যদি বারবার ব্রেকআপ করেও ফিরে যান, যদি বন্ধুরা, পরিবার বারবার বলার পরেও আপনি সেই সম্পর্ক থেকে বেরোতে না পারেন, তাহলে বুঝবেন আপনি গ্লুয়িংয়ের ফাঁদে পড়েছেন।
মনে রাখবেন, সম্পর্ক আঠা দিয়ে জোড়া লাগানোর জিনিস নয়। ভাঙা কাচ জোড়া লাগলেও দাগ থেকেই যায়। নিজেকে ভালোবাসাটা সবার আগে জরুরি।















