শীত মানেই বাগান করার সেরা সময়। পিটুনিয়া, গাঁদা, ডালিয়ায় ছাদ ভরিয়ে তোলার স্বপ্ন দেখছেন? নার্সারি থেকে চারাগাছ কিনতে গিয়ে আমরা এমন ৫টি ভুল করি, যার জন্য বাড়ি আনার ৭ দিনের মধ্যেই গাছ মরে যায়। টাকা নষ্ট করার আগে এই ভুলগুলো জেনে নিন।

নভেম্বর পড়লেই নার্সারিতে ভিড়। শীতের ফুলের চারা কেনার ধুম। কিন্তু অনেকেই অভিযোগ করেন, নার্সারিতে গাছ কী সুন্দর ছিল, বাড়ি আনার পরেই ঝিমিয়ে গেল! এর কারণ আপনার অজান্তেই করা কিছু ভুল।

১. ফুল দেখে চারা কিনবেন না

এটা সবচেয়ে বড় ভুল। নার্সারিতে যে চারায় ফুল ফুটে আছে, সেটা দেখতে সুন্দর লাগলেও সেটা কিনবেন না। কারণ ফুল ফোটা মানে গাছটি তার এনার্জি শেষ করে ফেলেছে। বাড়ি এনে লাগালে সে আর বাড়বে না।

কী করবেন: সবসময় কুঁড়ি-সহ, কিন্তু ফুল না ফোটা, ঝোপালো, সবুজ ও সুস্থ চারা কিনুন। যার অনেক শাখা-প্রশাখা আছে, সেটাই বাড়িতে এসে বেশি ফুল দেবে।

২. শিকড় না দেখে গাছ কেনা

ওপর থেকে গাছ সবুজ দেখালেও ভিতরে শিকড় পচা থাকতে পারে। বিশেষ করে শীতের চারা যেগুলো ছোট প্যাকেটে থাকে।

কী করবেন: চারা কেনার আগে টব বা প্যাকেটটা উল্টে দেখুন, নিচের ফুটো দিয়ে সাদা শিকড় বেরিয়ে আছে কিনা। সাদা শিকড় মানে সুস্থ গাছ। যদি কালো, পচা গন্ধযুক্ত শিকড় থাকে বা মাটি কাদা-কাদা থাকে, তাহলে নেবেন না। আর একদম সরু, লিকলিকে লম্বা চারা নেবেন না।

৩. দুপুরবেলা চারা কেনা ও সঙ্গে সঙ্গে রোপন করা

দুপুরের কড়া রোদে গাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে টবে বসিয়ে দেন? এতে গাছ ট্রান্সপ্লান্ট শক-এ মারা যায়।

কী করবেন: চারা সবসময় সকালে বা বিকেলে কিনুন। বাড়ি এনে ১-২ দিন ছায়ায়, আলো-হাওয়া আসে এমন জায়গায় রেখে দিন। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দিন। তারপর বিকেলের দিকে টবে বসান। বসানোর পর ২ দিন সরাসরি রোদে দেবেন না।

৪. একই টবে অনেক চারা গুঁজে দেওয়া

নার্সারি থেকে ১০ টা পিটুনিয়া এনে একটা ৮ ইঞ্চি টবে সব লাগিয়ে দেন অনেকে, যাতে বেশি ফুল হয়। এতে একটাও বাঁচে না।

কী করবেন: শীতের ফুলের জন্য টবের মাপ খুব জরুরি। পিটুনিয়া, প্যানজির মতো ছোট গাছের জন্য ৮ ইঞ্চি টবে ১ টা, ১০ ইঞ্চি টবে ২ টো। গাঁদা, ডালিয়ার জন্য ১০-১২ ইঞ্চি টবে ১ টা গাছই যথেষ্ট। বেশি গাছ মানে খাবার ও আলোর জন্য মারামারি, ফলে কোনোটাই ফুল দেবে না।

৫. নার্সারির মাটি না ঝেড়ে টবের মাটি সম্পর্কে না জানা

নার্সারির এঁটেল মাটি-সহ গাছ এনে আমাদের বানানো মাটিতে বসিয়ে দিই। দুই মাটির জল ধারণ ক্ষমতা আলাদা হওয়ায় শিকড়ে জল জমে পচে যায়।

কী করবেন: নার্সারির মাটি হালকা করে কিছুটা ঝেড়ে ফেলুন, কিন্তু পুরো শিকড় নগ্ন করবেন না। আর শীতের গাছের জন্য মাটি বানান - ৪০% বাগানের মাটি + ৩০% গোবর সার বা ভার্মি কম্পোস্ট + ৩০% বালি। সঙ্গে এক মুঠো হাড়গুঁড়ো ও নিমখোল মিশিয়ে নিন। এই মাটিতে জল দাঁড়াবে না, গাছও মরবে না।

এই ৫টি ছোট টিপস মেনে চলুন, দেখবেন এবার শীতে আপনার ছাদ বাগানই হবে পাড়ার সেরা।