FIFA World Cup 2026: চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে (Argentina vs Egypt) রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে বিশ্বজুড়ে তর্ক-বিতর্ক চলছে। এরই মধ্যে বাংলাদেশের (Bangladesh) নোয়াখালির এক যুবক যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে হাসি-ঠাট্টা শুরু হয়েছে।
KNOW
FIFA World Cup 2026 Controversy: বাংলাদেশের (Bangladesh) পুলিশ কি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোকে (FIFA President Gianni Infantino) গ্রেফতার করবে? আন্তর্জাতিক আইনে কি ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে? ব্যবস্থা নেবে আন্তর্জাতিক আদালত? বাংলাদেশে এখন এ বিষয়ে আলোচনা চলছে। হাসি-ঠাট্টাও চলছে। কারণ, চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচের (Argentina vs Egypt) রেফারি, ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে নোয়াখালির সুধারাম মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন মহম্মদ রাকিব নামের এক যুবক। তিনি রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করার অভিযোগ এনেছেন।

কী বলছে বাংলাদেশের পুলিশ?
সুধারাম মডেল থানার পুলিশ জানিয়েছে, অভিযোগকারী যুবক নোয়াখালির সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। তিনি জানিয়েছেন, করমুল্যা বাজারে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখছিলেন। তাঁর মনে হয়েছে, রেফারি ইচ্ছাকৃতভাবে আর্জেন্টিনাকে অন্যায্য সুবিধা পাইয়ে দিয়েছেন। এর ফলেই হারতে হয়েছে মিশরকে। আর্জেন্টিনাকে অন্যায়ভাবে পেনাল্টি দেওয়া হয়েছে, মিশরের বৈধ গোল বাতিল করা হয়েছ, মিশরের ফুটবলার ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মিশরের সমর্থকরা মানসিক আঘাত পেয়েছেন। এই কারণে ফিফা প্রেসিডেন্ট, রেফারি-সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রাকিব। তিনি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সুধারাম মডেল থানার ওসি মহম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, যে অভিযোগ দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আইনি এক্তিয়ার নেই। অভিযোগকারীকে সে কথা জানানো হয়েছে। তাঁকে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
হাল ছাড়তে নারাজ রাকিব
পুলিশ ফিফা প্রেসিডেন্ট, রেফারির বিরুদ্ধে মামলা দায়ের করতে রাজি না হওয়ায় আদালতের দ্বারস্থ হতে চাইছেন রাকিব। তিনি প্রয়োজনে সঙ্গীদের নিয়ে মানব বন্ধন, আন্দোলন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


