Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ ইতিহাস গড়ল ভারতের মহিলা স্কিট দল। পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহানের দল ব্রোঞ্জ পদক জিতেছে। পাশাপাশি পুরুষদের স্কিট দলও ব্রোঞ্জ পেয়েছে। অন্যান্য খেলাতেও ভারতের জয়জয়কার।
Asian Games 2026: আইচি-নাগোয়া এশিয়ান গেমস ২০২৬-এ ইতিহাস তৈরি করেছে ভারতের মহিলা স্কিট দল। পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহানের এই দল ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছে। বুধবার, এই সাফল্যের পর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য তাঁদের অভিনন্দন জানিয়েছেন (Asian Games 2026)। এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে মাণ্ডব্য লেখেন, “#AsianGames2026-এর মহিলা স্কিট দলগত ইভেন্টে প্রথমবার ব্রোঞ্জ পদক জেতায় পারিনাজ ধালিওয়াল, রাইজা ধিলোঁ এবং মহেশ্বরী চৌহানকে অনেক অনেক অভিনন্দন।” দেশের মহিলা স্কিট দলগত ইভেন্টে ভারতীয় ত্রয়ী মোট ৩৩১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেছে। ১২৫-এর মধ্যে রাইজা ধিলোঁ এবং পারিনাজ ধালিওয়াল দুজনেই ১১১ পয়েন্ট করে পেয়েছেন। অন্যদিকে মহেশ্বরী চৌহান ১০৯ পয়েন্ট যোগ করেছেন। ৩৪৬ পয়েন্ট নিয়ে চিন সোনা জিতেছে, আর কাজাখস্তান পেয়েছে রুপো।
এশিয়ান গেমসে ইতিহাস ভারতের, স্কিট শুটিংয়ে ব্রোঞ্জ জিতল দেশের মেয়েরা
পুরুষদের স্কিট দলগত ইভেন্টেও ভারত ব্রোঞ্জ পেয়েছে। অনন্তজিৎ সিং নারুকা, মৈরাজ আহমেদ খান এবং ভবতেগ সিং গিলের দল ৩৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে। শুট-অফে কাজাখস্তানকে হারিয়ে তাঁরা এই পদক নিশ্চিত করেন। নারুকা পুরুষদের স্কিট ব্যক্তিগত ফাইনালেও উঠেছেন। অলিম্পিক পদকজয়ী মনু ভাকের মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ব্যক্তিগত ফাইনালে উঠলেও পঞ্চম স্থানে শেষ করেছেন। তবে সুরুচি ইন্দর সিং এবং এষা সিং যোগ্যতা অর্জন করতে পারেননি।
সফট টেনিসে পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের শেরউইন নুগুইটকে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জয় মীনা। তার ফলে, এই খেলায় এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক নিশ্চিত হয়ে গেল। কারণ সেমিফাইনালে ওঠা প্রত্যেকেই অন্তত একটি পদক পাবেন। ভারতের মহিলা কবাডি দলও নিজেদের জয়যাত্রা ধরে রেখেছে। গ্রুপ এ-র ম্যাচে তারা ইরানকে ৩৭-২৩ ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ জেতার পর এটি তাদের টানা দ্বিতীয় জয়। পাশাপাশি রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালস ফাইনালে উঠেছেন বলরাজ পানওয়ার। পাশাপাশি পুরুষদের ডাবল স্কালস ফাইনালে জায়গা করে নিয়েছেন সত্নাম সিং এবং সলমন খান। গুরবানি কৌর, আলিনা আন্টো, টেনডেনথোই হাওবিজাম এবং পুনমকে নিয়ে গড়া ভারতের মহিলা ফোর ক্রু-ও ফাইনাল এ-তে যোগ্যতা অর্জন করেছে।
অন্যান্য ইভেন্টের কী খবর?
পুরুষদের কায়াক ফোর ৫০০ মিটার দল ফাইনালে পৌঁছেছে। মহিলাদের ক্যানো সিঙ্গল ২০০ মিটার সেমিফাইনালে উঠেছেন মেঘা প্রদীপ। এছাড়া মহিলাদের কায়াক ডাবল ৫০০ মিটার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন পার্বতী গীতা এবং ফাইরেম্বাম সোনিয়া দেবী। টেবিল টেনিসের মিক্সড ডাবলসে মালদ্বীপের মহম্মদ ইসমাইল এবং ফাতিমাথ আলিকে হারিয়েছেন হরমীত দেশাই এবং যশস্বিনী ঘোরপড়ে। অন্যদিকে, শ্রীলঙ্কার চানুল কুলাপ্পুওয়াওয়াডু এবং বিমান্দি স্বর্ণাকে হারিয়েছেন মানুষ শাহ এবং দিয়া চিতালে। সেপাকটাকরোতে পুরুষদের দলগত রেগু গ্রুপ বি-র ম্যাচে ফিলিপিন্সকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। তবে পরের রাউন্ডে যাওয়ার যোগ্যতা তারা অর্জন করতে পারেনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


