Asian Games 2026: ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগিরদের দারুণ পারফরম্যান্স। কোয়ার্টার ফাইনালে উঠলেন অন্তিম পাঙ্ঘাল, মনীষা ভানওয়ালা ও সাগর জাগলান। সেমিফাইনালে পৌঁছেছেন দীপক পুনিয়া। অন্যদিকে, তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা জিতেছেন কুমকুম মোহোদ।
Asian Games 2026: শনিবার ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় কুস্তিগিররা দারুণ ছন্দে ছিলেন। অন্তিম পাঙ্ঘাল ও মনীষা ভানওয়ালা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আর দীপক পুনিয়া সোজা সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। কুস্তির ম্যাটে ভারতের এই দাপট অব্যাহত রয়েছে। মহিলাদের ৫৩ কেজি বিভাগে অন্তিম দুর্দান্ত শুরু করেন। প্রি-কোয়ার্টার ফাইনালে, কাজাখস্তানের শুগিলা ওমিরবেককে ৯-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠেন তিনি। মহিলাদের ৫৭ কেজি বিভাগেও দাপট দেখান মনীষা। দক্ষিণ কোরিয়ার কোওন ইয়ংজিনকে ৮-০ ব্যবধানে (বাই ফল) হারিয়ে দেন তিনি। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে এবার জাপানের আকারি ফুজিনামি।
এশিয়ান গেমসে কুস্তিতে দাপট ভারতের, কোয়ার্টারে পৌঁছে গেলেন অন্তিম-মনীষা
পুরুষদের ৯৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে দীপক পুনিয়া প্রি-কোয়ার্টারে চিনের ঝোউ জুনপেংকে ১০-২ ব্যবধানে (টেকনিক্যাল সুপিরিওরিটি) হারান। প্রথম পিরিয়ডে তিনি ৬-২ ব্যবধানে এগিয়ে ছিলেন। এরপর দ্বিতীয় পিরিয়ডে ৬-০ পয়েন্ট তুলে ম্যাচ জেতেন। কোয়ার্টার ফাইনালে, তাঁর প্রতিপক্ষ হংকং চিনের লি ভিনসেন্ট ম্যাচ ছেড়ে দেওয়ায় দীপক সরাসরি সেমিফাইনালে পৌঁছে যান। পুরুষদের ৭৪ কেজি ফ্রিস্টাইল বিভাগে সাগর জাগলানও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। প্রি-কোয়ার্টারে তিনি মঙ্গোলিয়ার তুলগা তুমুর-ওচিরকে ৮-১ ব্যবধানে হারান। অন্যদিকে, রাগবি সেভেন্সের প্রথম ক্লাসিফিকেশন ম্যাচে ভারতের মহিলা দল ২২-৫ ব্যবধানে সিঙ্গাপুরকে হারিয়েছে। পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ণায়ক পরের ম্যাচে তারা কাজাখস্তানের মুখোমুখি হবে। তবে তায়কোন্ডোয় ভারতের দিনটা ভালো যায়নি। প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন কাশিশ মালিক ও জ্যোতি যাদব। মহিলাদের ৫৭ কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে কাশিশ ০-২ ব্যবধানে হারেন অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কিম ইউজিনের কাছে। আর ৬৭ কেজি বিভাগে জ্যোতি ০-২ ব্যবধানে থাইল্যান্ডের কান্নালুক চুয়েনচুক্লিনের কাছে হেরে যান।
গল্ফে এগিয়ে প্রণবী উরস
দিনের শুরুতে মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েন ১৭ বছরের কুমকুম মোহোদ। ফাইনাল ম্যাচটি ৫-৫ পয়েন্টে ড্র হওয়ার পর শুট-অফে দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিনকে হারিয়ে দেন তিনি। গল্ফেও ভারতের পদক জয়ের আশা বেঁচে আছে। মহিলাদের ব্যক্তিগত স্ট্রোক প্লে-তে প্রণবী উরস ফের শীর্ষে উঠে এসেছেন। ১৩ নম্বর হোলে বার্ডি করার পর তিনি ১৫-আন্ডারে পৌঁছে যান। আর মাত্র পাঁচটি হোল বাকি থাকতে চিনের ইয়িন রুওনিংয়ের চেয়ে এক স্ট্রোকে এগিয়ে আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের মোট পদক সংখ্যা ৭৭। এর মধ্যে রয়েছে ১৭টি সোনা, ২৫টি রুপো এবং ৩৫টি ব্রোঞ্জ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


