Asian Games 2026: জাপানে আয়োজিত ২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জিতল ভারত। নীরু ধান্দা, আশিমা আহলাওয়াত এবং মনীষা কীর-এর এই সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Asian Games 2026: জাপানে চলছে ২০২৬ এশিয়ান গেমস। মঙ্গলবার মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জিতেছে ভারত। নীরু ধান্দা, আশিমা আহলাওয়াত এবং মনীষা কীর-এর এই দুরন্ত সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স (X) হ্যান্ডেলে রাষ্ট্রপতি লেখেন, "২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জেতায় নীরু ধান্দা, আশিমা আহলাওয়াত এবং মনীষা কীরকে অনেক অভিনন্দন। তোমাদের নিখুঁত লক্ষ্য এবং স্থির ফোকাসই এই সাফল্য এনে দিয়েছে। আশা করি আগামী দিনেও তোমরা এমন অনেক স্মরণীয় সাফল্য অর্জন করবে।"

ব্যক্তিগত পারফরম্যান্স এবং পদক তালিকা

ভারতীয় দল মোট ৩২৮ পয়েন্ট পেয়ে রুপো নিশ্চিত করেছে। ৩২৫ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে কুয়েত (Asian Games 2026)। আর ৩৪৬ পয়েন্ট পেয়ে সোনা জিতেছে চিন। ভারতের হয়ে সবচেয়ে ভালো পারফর্ম করেছেন নীরু ধান্দা। ১২৫-এর মধ্যে তিনি ১১৮ পয়েন্ট পান। আশিমা এবং মনীষা যথাক্রমে ১০৬ এবং ১০৪ পয়েন্ট পেয়েছেন। ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বেও কাতারের রে বাসিলের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন নীরু। মঙ্গলবারই ব্যক্তিগত ফাইনালে নামবেন তিনি। এই রুপো আসার পর এশিয়ান গেমসের পদক তালিকায় ভারত আপাতত ১২ নম্বরে রয়েছে। ভারতের ঝুলিতে এখন মোট ৪৬টি পদক। এর মধ্যে ৪টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ রয়েছে।

দশম দিনের অন্যান্য ফলাফল

মহিলাদের স্কোয়াশ টিম ইভেন্টেও ভালো খবর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গেমসের দশম দিনে, পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তিরন্দাজ ধীরাজ বোম্মাদেভারা এবং নীরজ চৌহান। ধীরাজ ৬-২ ব্যবধানে হারিয়েছেন চাইনিজ তাইপেইয়ের চেং সিয়াং-হুইকে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার অলিম্পিক পদকজয়ী কিম জে-দেওককে ৬-৪ ব্যবধানে হারিয়ে চমক দিয়েছেন নীরজ। সার্ফিংয়ে অবশ্য ভারতের অভিযান শেষ। পুরুষদের শর্টবোর্ড কোয়ার্টার ফাইনালে ফিলিপিন্সের টোবি এসপেজনের কাছে ৫.৩৭-৮.৫৩ ব্যবধানে হেরে গিয়েছেন কিশোর কুমার আনবারাসু। সেইসঙ্গে, পুরুষদের ট্র্যাপ টিম ফাইনালে শপথ ভরদ্বাজ, কিয়ান চেনাই এবং আহভার রিজভি ষষ্ঠ স্থানে শেষ করেছেন। তবে ব্যক্তিগত ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন শপথ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।