Asian Games 2026: এমন দৃশ্য অ্যাথলেটিক্সের ট্র্যাকে সচরাচর দেখা যায় না। সামনে কোনও প্রতিদ্বন্দ্বী নেই। নেই অন্য কোনও দলও। বৃষ্টিভেজা ট্র্যাকে রিলে রেসে একই দলের চার অ্যাথলিট একাই ছুটছেন। মিক্সড ৪x১০০ মিটার রিলেতে এমনই বিরল দৃশ্য নাগোয়ায়।

Asian Games 2026: এমন দৃশ্য অ্যাথলেটিক্সের ট্র্যাকে সচরাচর দেখা যায় না। সামনে কোনও প্রতিদ্বন্দ্বী নেই। নেই অন্য কোনও দলও। বৃষ্টিভেজা ট্র্যাকে রিলে রেসে একই দলের চার অ্যাথলিট একাই ছুটছেন। তাদের সঙ্গে আর কেউ নেই। চলতি এশিয়ান গেমসে মিক্সড ৪x১০০ মিটার রিলেতে এমনই বিরল দৃশ্যের সাক্ষী থাকল নাগোয়ার মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়াম। বাধার কারণে প্রথম বার দৌড় শেষ করতে না পারার পর দক্ষিণ কোরিয়াকে একাই ফের দৌড়ানোর সুযোগ দিলেন বিচারকরা।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত মিক্সড ৪x১০০ মিটার রিলের দ্বিতীয় হিটে। বৃষ্টির মধ্যে দৌড় চলাকালীন দক্ষিণ কোরিয়ার রিলে দল আচমকাই ট্র্যাকে বাধার মুখে পড়ে। সেই কারণে স্বাভাবিক ভাবে দৌড় শেষ করতে পারেননি কোরিয়ার অ্যাথলিটরা। ফলাফলে তাঁদের নামের পাশে লেখা হয় ‘ডিড নট ফিনিশ’ বা DNF। তবে বিষয়টি মেনে নেয়নি দক্ষিণ কোরিয়ার দল। কোচিং স্টাফরা সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখার আবেদন করেন তাঁরা। ফুটেজ পর্যালোচনার পর আয়োজকদের তরফে জানানো হয়, কোরিয়ার অ্যাথলিটদের নিজেদের কোনও ভুল ছিল না। বাইরে থেকে তৈরি হওয়া বাধার কারণেই তাঁদের দৌড় ব্যাহত হয়েছিল।

দেখুন মিক্সড রিলেতে একই দলের চার স্প্রিন্টারের একা দৌড়নোর ভাইরাল ভিডিও

Scroll to load tweet…

কী সিদ্ধান্ত নেন আয়োজকরা

এর পরেই আসে অভিনব সিদ্ধান্ত। অ্যাথলেটিক্সের নিয়ম অনুযায়ী, কোনও অ্যাথলিট বা দল প্রতিপক্ষের বাধা, ফাউল কিংবা অন্য কোনও বাহ্যিক কারণে ক্ষতিগ্রস্ত হলে পরিস্থিতি বিবেচনা করে তাঁদের ফের দৌড়ানোর সুযোগ দেওয়া যেতে পারে। সেই নিয়ম মেনেই দক্ষিণ কোরিয়াকে একক ভাবে ফের ৪x১০০ মিটার রিলে দৌড়ানোর অনুমতি দেওয়া হয়।

কেন এমন হয়, দেখুন ছবিতে

Scroll to load tweet…

একাই ট্র্যাকে দৌড়লেন চার স্প্রিন্টার

স্টেডিয়ামে তখন অন্য কোনও দল নেই। ‘Mixed 4x100m Relay Rerun 1’ ব্যানারে একাই ট্র্যাকে নামে দক্ষিণ কোরিয়ার চার অ্যাথলিট। বৃষ্টিতে ভেজা ট্র্যাকে দর্শকদের সামনে শুরু হয় তাঁদের দ্বিতীয় দৌড়। অদ্ভুত সেই দৃশ্য মুহূর্তেই নজর কাড়ে উপস্থিত দর্শক থেকে শুরু করে সামাজিকমাধ্যমের ব্যবহারকারীদের। এই বিভাগে শেষ পর্যন্ত অবশ্য ফাইনালে ষষ্ঠ হয় দক্ষিণ কোরিয়া রিলে দল। সোনা জেতে বাহারিন। ভারতের রিলে দল এই ইভেন্টে রুপো জেতে।

আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে অবশ্য এমন ঘটনা একেবারে নজিরবিহীন নয়। ২০১৬ সালের রিও অলিম্পিক্সেও একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল। মহিলাদের ৪x১০০ মিটার রিলেতে বাধার মুখে পড়ে আমেরিকার দল। পরে তাঁদের একা দৌড়ানোর সুযোগ দেওয়া হয়েছিল। সেই দৌড়ের পরই ফাইনালে জায়গা করে নিয়ে সোনা জিতেছিল মার্কিন দল।

নাগোয়ার ঘটনাতেও তাই সামনে এসেছে 'ফেয়ার প্লে'-র প্রশ্ন। প্রতিযোগিতার ফলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কোনও অ্যাথলিট যেন অন্যের ভুল বা অনিচ্ছাকৃত বাধার কারণে বঞ্চিত না হন। দক্ষিণ কোরিয়ার দলীয় কর্মকর্তাদের বক্তব্য, বাধাটি স্পষ্ট হওয়ায় তাঁরা আগের ফল মেনে নেননি। রি-রানের সিদ্ধান্তে তাঁদের অ্যাথলিটরা ন্যায্য বিচার পেয়েছেন। এশিয়ান গেমসের মঞ্চে অন্য প্রতিযোগীদের ছাড়াই একটি পুরো রিলে দলের একা দৌড়,দৃশ্যটি নিঃসন্দেহে বিরল। নিয়মের মধ্যে থেকেই ন্যায্য সুযোগ দেওয়ার এই ঘটনা তাই এবারের এশিয়াডের অ্যাথলেটিক্সের অন্যতম আলোচিত মুহূর্ত হয়ে থাকল।