Asian Games Golf: এশিয়ান গেমসে মেয়েদের গলফে ঐতিহাসিক সোনা জিতেছেন প্রণবী উরস। পাশাপাশি রুপো পেয়েছে ভারতীয় মহিলা দল। এই সাফল্যের জন্য প্রণবী ও গোটা দলকে প্রশংসায় ভরিয়ে দিলেন পিজিটিআই সভাপতি কপিল দেব।
Asian Games Golf: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়ার (পিজিটিআই) সভাপতি কপিল দেব এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনা জয়ের জন্য প্রণবী উরসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। পাশাপাশি রুপো জেতার জন্য তিনি ভারতীয় মহিলা দলেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, খেলোয়াড়দের প্রতিভা, জেদ আর কঠোর পরিশ্রমেরই ফসল এই পদক। প্রণবী উরস শনিবার ২০২৬ সালের এশিয়ান গেমসে ইতিহাস তৈরি করেছেন (Asian Games Golf)। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি এই মহাদেশীয় প্রতিযোগিতায় ব্যক্তিগত গলফে সোনা জিতেছেন। পাশাপাশি মহিলা দলগত ইভেন্টেও তিনি ভারতকে রুপো এনে দিতে সাহায্য করেছেন। ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, মহীশূরের এই ২৩ বছর বয়সি গলফার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে দারুণ স্নায়ুর চাপ ধরে রাখেন। তিনি ১৫-আন্ডার ২৬৫ স্কোর করে চিনের ইয়িন রুওনিং এবং সিঙ্গাপুরের শ্যানন ট্যানকে এক স্ট্রোকে হারিয়ে দেন।
এশিয়ান গেমসে প্রণবীর ঐতিহাসিক সোনা জয়, প্রশংসায় ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব
এশিয়ান গেমসের ইতিহাসে মেয়েদের ব্যক্তিগত গলফে এটাই ভারতের প্রথম সোনা। এর আগে ২০০২ সালে, ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছিলেন শিব কাপুর। তারপর এই প্রথম গলফ থেকে সোনা এল দেশে। অদিতি অশোক এবং দীক্ষা ডাগরের পাশাপাশি প্রণবীর এই দুর্দান্ত পারফরম্যান্স দলগত ইভেন্টেও ভারতকে রুপো এনে দিতে সাহায্য করেছে। তিন গলফারের মধ্যে সেরা দুজনের স্কোর ধরে দলগত ইভেন্টে ভারতের মোট স্কোর দাঁড়ায় ১৪-আন্ডার ৫৪৬। অন্যদিকে, চিন ২২-আন্ডার ৫৩৮ স্কোর করে সোনা জিতেছে। ফাইনাল রাউন্ডে অদিতি ৬৭ এবং দীক্ষা ৭৭ স্কোর করেন। চিনের ঠিক পরেই রুপো নিশ্চিত করে ভারত।
'প্রতিভা ও কঠোর পরিশ্রমের ফসল'
কপিল একটি বিবৃতিতে বলেন, "এশিয়ান গেমসে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে প্রণবী উরসের ঐতিহাসিক সোনা জয় এবং আমাদের মহিলা দলের রুপো জয় ভারত ও ভারতীয় গলফের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এই পদকগুলো আমাদের খেলোয়াড়দের প্রতিভা, জেদ আর কঠোর পরিশ্রমের প্রতিফলন। পাশাপাশি আমাদের দেশে মেয়েদের গলফ যে কতটা শক্তিশালী হচ্ছে, এটাও তারই প্রমাণ।"
প্রণবীর 'ইস্পাতকঠিন স্নায়ু এবং প্রবল আত্মবিশ্বাস'-এর পাশাপাশি রুপো জেতার জন্য গোটা দলের দারুণ বোঝাপড়ারও প্রশংসা করেছেন কপিল। তাঁর কথায়, "ভারতের জন্য সোনা জিততে প্রণবী দারুণ মানসিক জোর আর আত্মবিশ্বাস দেখিয়েছে। অন্যদিকে অদিতি, দীক্ষা আর প্রণবী দল হিসেবে দারুণ খেলে ভারতকে রুপো এনে দিয়েছে। পিজিটিআই এবং গোটা ভারতীয় গলফ মহলের পক্ষ থেকে আমি তাদের সবাইকে অভিনন্দন জানাই। তারা ভারতের মুখ উজ্জ্বল করেছে। নিজের ওপর বিশ্বাস রাখলে, শৃঙ্খলায় থাকলে আর সবচেয়ে বড় মঞ্চে নির্ভয়ে লড়াই করলে কী কী করা সম্ভব, সেটাই ওরা করে দেখিয়েছে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


