Commonwealth Games 2026 India: এবারের কমনওয়েলথ গেমসে পদক তালিকায় এখনও প্রথম ১০-এর মধ্যে আছে ভারত। বিভিন্ন ইভেন্টে ভালো পারফরম্যান্স দেখিয়ে পদক জিতে নিচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা। শুক্রবার এক বাঙালি মেয়ের হাত ধরে সোনা এল। এই গেমসে ভারত আরও পদক জিতবে বলে আশায় সারা দেশ।

DID YOU
KNOW
?
৯ নম্বরে ভারত
চলতি কমনওয়েলথ গেমসে ৫ সোনা-সহ ২০ পদক নিয়ে পদক তালিকায় ৯ নম্বরে ভারত।

Commonwealth Games 2026 Medals: গ্লাসগোয় (Glasgow) কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন ত্রিপুরার বাঙালি মেয়ে অস্মিতা দে। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসেবে কমনওয়েলথ গেমসে জুডোয় সোনা জিতলেন এই যুবতী। ২০০৩ সালের ২২ মার্চ দক্ষিণ ত্রিপুরা জেলার সদর শহর বেলোনিয়ায় জন্ম হয় অস্মিতার। তিনি সাধারণ পরিবারের মেয়ে। বাবা সাইকেল সারানোর কাজ করেন। এই পরিবারের মেয়ে হওয়ায় ছোট থেকেই অস্মিতাকে অনেক লড়াই করতে হয়েছে। জীবনের সেই সংগ্রাম জুডোর ম্যাটেও দেখা গেল। শুক্রবার মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার (Canada) হেইডি কোয়াচের (Heidi Quach) বিরুদ্ধে অসাধারণ লড়াই করে চলতি কমনওয়েলথ গেমসে দেশকে পঞ্চম সোনা এনে দিলেন অস্মিতা। তিনি ফাইনালে ২-১ ব্যবধানে জয় পেলেন।

পিছিয়ে পড়েও সোনা জয় অস্মিতার

কমনওয়েলথ গেমসের ফাইনালের শুরুতে চাপে পড়ে গিয়েছিলেন অস্মিতা। ম্যাচের শুরুতেই একটি ইউকো হারান তিনি। এরপর একটি শিদো (পেনাল্টি) পাওয়ায় এগিয়ে যান কোয়াচ। তবে অস্মিতা পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ান। আক্রমণাত্মক খেলা শুরু করে চার মিনিটের লড়াইয়ের মাঝামাঝি সময়ের কিছু পরেই স্কোর ১-১ করে দেন এই বাঙালি মেয়ে। নির্ধারিত সময়ের বাকি অংশে দুই জুডোকাই একাধিক আক্রমণ চালালেও কেউই জয়সূচক পয়েন্ট আদায় করতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোরে, যেখানে প্রথম পয়েন্ট অর্জনকারীই বিজয়ী হন। চাপের মুহূর্তেও অসাধারণ স্থিরতা দেখান অস্মিতা। অতিরিক্ত সময়ে তিনি একটি দুর্দান্ত আক্রমণ চালিয়ে আরেকটি ইউকো অর্জন করেন এবং সোনা নিশ্চিত করেন।

Scroll to load tweet…

ছিলেন অ্যাথলিট, হয়ে গেলেন জুডোকা

ছোটবেলায় অস্মিতা ছিলেন অ্যাথলিট। তিনি ৮০০ মিটার দৌড়তেন। এক কোচ তাঁকে জুডোয় যোগ দেওয়ার পরামর্শ দেন। এই পরামর্শই অস্মিতার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি ২০১৫ সালে ত্রিপুরা স্পোর্টস স্কুলে ভর্তি হন। সেখানে প্রথমে বীণা দেবনাথকে কোচ হিসেবে পান। পরে পরে মানিকলাল দেবকে কোচ হিসেবে পান। স্কুল গেমস এবং খেলো ইন্ডিয়া গেমসে ভালো পারফরম্যান্স দেখান এই জুডোকা। এরপর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।