SRH vs RCB: প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদকে (SRH) আইপিএলের প্রথম দুইয়ে শেষ করতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে প্রায় অসাধ্য সাধন করতে হবে। পাশাপাশি, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় জয়ের জন্য গুজরাত টাইটান্সের প্রশংসাও করেছেন তিনি।
SRH vs RCB: সানরাইজার্স হায়দরাবাদ (SRH) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মধ্যে 'সাউদার্ন ডার্বি'-র আগে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তাঁর মতামত জানিয়েছেন। তিনি বলেছেন, হায়দরাবাদকে যদি প্রথম দুইয়ে থেকে কোয়ালিফায়ার ওয়ান খেলতে হয়, তবে তাদের কিছু একটা অসাধারণ করে দেখাতে হবে। SRH বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে।

তাদের ঝুলিতে রয়েছে আটটি জয় ও পাঁচটি হার। হায়দরাবাদে শুক্রবার, RCB-র বিরুদ্ধে ম্যাচে তাদের লক্ষ্য থাকবে গুজরাত টাইটান্সকে (GT) নেট-রান-রেটে টপকে যাওয়া। জিওহটস্টারের 'ম্যাচ সেন্টার লাইভ' অনুষ্ঠানে আকাশ বলেন, "সানরাইজার্স হায়দরাবাদকে যদি প্রথম দুইয়ের দৌড়ে এগোতে হয়, তাহলে তাদের অসাধারণ কিছু করতে হবে। যদি ওরা প্রথমে ব্যাট করে ২০০-র বেশি রান তোলে, তাহলে গুজরাট টাইটান্সকে নেট রান রেটে টপকাতে প্রায় ৮৫ রানের ব্যবধানে জিততে হবে। আর যদি রান তাড়া করে, তাহলে ১৬০ থেকে ২০০ রানের মধ্যে যেকোনো টার্গেট প্রায় ১১ ওভারের মধ্যে তুলে ফেলতে হবে। তাই খাতায়-কলমে সুযোগ থাকলেও, যা করতে হবে সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার।"
গুজরাতের প্রশংসায় পঞ্চমুখ চোপড়া
চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে গুজরাত টাইটান্সের ৮৯ রানের বিশাল জয় নিয়েও কথা বলেছেন আকাশ। তিনি বলেন, ২০২২-এর চ্যাম্পিয়নরা সব বিভাগেই নিখুঁত পারফর্ম করেছে। এমন একটা পিচে যেখানে বোলারদের জন্য সাহায্য ছিল, সেখানেও তারা ২২০-র বেশি রান তুলেছে। এতেই বোঝা যায় যে, কেন তারা টুর্নামেন্টের অন্যতম সেরা দল।
এরপর বল হাতেও তারা নিখুঁত পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আকাশ বলেন, “গুজরাত টাইটান্স সব বিভাগেই দারুণ খেলেছে এবং দেখিয়েছে কেন তারা টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল। যে পিচে ব্যাট করা সহজ ছিল না, সেখানেও তারা ভালো পেস আক্রমণের বিরুদ্ধে ২২০-র বেশি রান করেছে। তাদের টপ অর্ডার আবার ভিত গড়ে দিয়েছে, আর শেষে জোস বাটলার ফিনিশিং টাচ দিয়েছেন। এরপর বল হাতেও তারা নিজেদের পরিকল্পনা দারুণভাবে কাজে লাগিয়েছে এবং চেন্নাই সুপার কিংসকে পুরোপুরি পর্যুদস্ত করেছে। এই বড় জয়টা টপ-টু ফিনিশের দৌড়ে তাদের একটা বড় স্টেটমেন্ট। যেহেতু ফাইনালও আমেদাবাদে হবে, তাই এই ছন্দ ধরে রাখতে পারলে গুজরাট টাইটান্স আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


