Abhishek Sharma News: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে আউট হওয়ার পর, মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। আইপিএল-এর আচরণবিধি ভাঙার জন্য তাঁকে ম্যাচ ফি-র ২৫% জরিমানা করা হয়েছে।

Abhishek Sharma News: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পরেও সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অস্বস্তি (Abhishek Sharma controversy)। দলের ওপেনার অভিষেক শর্মাকে বড়সড় শাস্তি দিল আইপিএল কর্তৃপক্ষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ম্যাচের মধ্যে আচরণবিধি ভাঙার জন্য অভিষেকের ম্যাচ ফি-র ২৫% জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, তাঁর নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। ম্যাচ চলাকালীন মাঠে আপত্তিকর বা অশ্লীল ভাষা ব্যবহার করার জন্যই এই শাস্তি বলে জানা গেছে। 

অভিষেকের জরিমানা

আইপিএল-এর আচরণবিধির ২.৩ ধারায় লেভেল-১ অপরাধ করেছেন অভিষেক, এমনটাই জানিয়েছেন ম্যাচ রেফারি। এই নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের দর্শক বা টিভির দর্শকরা শুনতে পান এমনভাবে গালিগালাজ করা বা খারাপ ভাষা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। রিপোর্ট অনুযায়ী, আউট হওয়ার সিদ্ধান্তে অখুশি হয়েই মেজাজ হারান অভিষেক। 

২১ বলে ৪৮ রানের একটি ঝোড়ো ইনিংস খেলার পর ব্লেসিং মুজারাবানির বলে বাউন্ডারি লাইনে বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বরুণ ক্যাচটি ঠিকঠাক ধরেছেন কিনা, অর্থাৎ বল মাটিতে লেগেছিল কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন। 

ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন অভিষেক

এই সিদ্ধান্তেই তীব্র অসন্তোষ প্রকাশ করেন অভিষেক, যা তাঁর শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আইপিএলের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অভিষেক নিজের দোষ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনেও নিয়েছেন। 

শাস্তি পেলেও ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন অভিষেক। আরসিবি-র বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ার পর, এই ম্যাচে চেনা ছন্দে ফেরেন তিনি। ২১ বলে তাঁর ৪৮ রানের ইনিংসে ছিল চারটি চার এবং চারটি ছক্কা। প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ২০ ওভারে, ৮ উইকেটে ২২৬ রান তোলে। অভিষেক ও ট্র্যাভিস হেডের জুটি ওপেনিং জুটিতে মাত্র ৫.৪ ওভারে ৮২ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়ে দেয়। হায়দরাবাদের পরের ম্যাচ ৫ এপ্রিল, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।