Women's U19 T20 Trophy: ক্রিকেট মাঠে কুকুর, সাপ, পাখি, পতঙ্গ ঢুকে পড়ার ঘটনা নতুন নয়। অতীতে বেশ কয়েকবার এই ধরনের ঘটনা দেখা গিয়েছে। কিন্তু নাগপুরে (Nagpur) মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির কোয়ার্টার-ফাইনাল ম্যাচে যে ঘটনা ঘটেছে, তা হয়তো অতীতে কোথাও ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
KNOW
Women's U19 T20 Trophy Quarter-Final: বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন। পিছনের দিকে তাকাননি। হঠাৎই ঘোরতর বিপদে পড়ে গেলেন ১৫ বছর বয়সি ক্রিকেটার উমা কাশভি (Uma Kashvi)। বাউন্ডারি লাইনের কাছে বসেছিল এক বানর। সে হঠাৎ উমার দিকে তেড়ে যায়। অতর্কিত এই আক্রমণে ভয় পেয়ে যান উমা। তিনি মাঠে পড়ে যান। বানরটি অবশ্য এই কিশোরী ক্রিকেটারকে আঁচড় বা কামড় দেয়নি। সে অন্যদিকে চলে যায়। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ম্যাচে বিঘ্ন ঘটে। তারপর অবশ্য ফের শুরু হয় খেলা। এই ম্যাচে আর কোনও বিঘ্ন ঘটেনি। উমার দিকে বানরের তেড়ে যাওয়ার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ভালো পারফরম্যান্স উমার
নাগপুরে (Nagpur) মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনালে (Women's U19 T20 Trophy Quarter-Final) কর্ণাটক ও বিদর্ভের (Karnataka vs Vidarbha) ম্যাচে বানরের উৎপাতের ঘটনা ঘটেছে। বানরের তাড়া খেলেও, ভালো পারফরম্যান্স দেখান উমা। এই কিশোরী চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিন উইকেট নেন। উমার এই বোলিংয়ের সুবাদে বিদর্ভকে ৬ রানে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল কর্ণাটক। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪০ রান তোলে কর্ণাটক। এক সময় ৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। সেখান থেকে কুশি সূর্যকান্ত ও ইঞ্চারা উমেশ ষষ্ঠ উইকেটে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইনিংস সামাল দেন। সূর্যকান্ত ৩৩ রানে অপরাজিত থাকেন। কর্ণিকা কার্তিক করেন ২৩ রান। জবাবে শুরুটা ভালো করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে বিদর্ভ। স্বরা থাকারে অপরাজিত ৩২ এবং সাক্ষী ভূপাল অপরাজিত ২৫ রান করে লড়াই চালানোর চেষ্টা করেন। কিন্তু শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি বিদর্ভ। ফলে ৬ রানে জয় পায় কর্ণাটক। শনিবার নাগপুরের লেডি অমৃতবাই ডাগা কলেজ গ্রাউন্ডে সেমি-ফাইনালে বরোদার মুখোমুখি হবে কর্ণাটক। একই মাঠে দ্বিতীয় সেমি-ফাইনালে খেলবে দিল্লি ও হরিয়ানা।
ডব্লুপিএল-এর নিলামে উমা
মাত্র ১৫ বছর বয়সেই উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League 2027 Auction) ২০২৭ সালের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন তিনি। তাঁর বেস প্রাইস ১০ লক্ষ টাকা। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির নজর কাড়াই এখন তাঁর লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


