Delhi Capitals vs Mumbai Indians: চলতি আইপিএল-এ (IPL 2026) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ানস। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দুই দল মুখোমুখি হয়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) এই দুই দলের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল।
KNOW
IPL 2026: চলতি আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। শনিবার ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেল দিল্লি। পাঞ্জাব কিংসও (Punjab Kings) চলতি আইপিএল-এ প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছে দিল্লি। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ানস নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে জয় পেলেও, এদিন দ্বিতীয় ম্যাচে হেরে গেল মুম্বই ইন্ডিয়ানস। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোটের জন্য খেলতে না পারায় এদিন মুম্বইয়ের অধিনায়ক হিসেবে খেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনি অর্ধশতরান করেন। কিন্তু দলকে জেতাতে পারলেন না।
ফের নজর কাড়লেন সমীর রিজভি
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে নেমে মুম্বই ছয় উইকেট হারিয়ে ১৬২ রান করে। সূর্যকুমার ৩৬ বলে ৫১ রান করেন। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ২৬ বলে ৩৫ রান করেন। নমন ধীর (Naman Dhir) ২১ বলে ২৮ রান করেন। দিল্লির পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে চার উইকেট হারিয়ে জয় পায় দিল্লি। প্রথম ম্যাচের পর এদিনও অসাধারণ ব্যাটিং করলেন সমীর রিজভি (Sameer Rizvi)। এই মিডল অর্ডার ব্যাটার ৫১ বলে ৯০ রান করেন। তাঁর ইনিংসে ছিল সাতটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ওপেনার পথুম নিশাঙ্ক (Pathum Nissanka) ৩০ বলে ৪৪ রান করেন। ডেভিড মিলার (David Miller) ২১ রান করে অপরাজিত থাকেন।
ফের ব্যর্থ রাহুল
গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন কে এল রাহুল (KL Rahul)। শনিবার ফের ব্যর্থ হলেন এই তারকা ব্যাটার। তিনি তিন বল খেলে এক রান করেই আউট হয়ে যান। এই তারকার ফর্ম নিয়ে চিন্তায় দিল্লি শিবির।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


