Gurnoor Brar: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন ভারতীয় ক্রিকেটের নতুন পেসার গুরনূর ব্রার। ডেল স্টেইনের পরামর্শ আর মর্নি মর্কেলের ট্রেনিংই তাঁর সাফল্যের চাবিকাঠি। ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারা এই তরুণ পেসারকে নিয়ে এখন স্বপ্ন দেখছে গোটা ভারত।
Gurnoor Brar: ভারতীয় ক্রিকেটে নতুন আশার আলো হয়ে উঠেছেন গুরনূর ব্রার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে, তাঁর দুরন্ত পারফরম্যান্স দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। আগামী ম্যাচগুলিতেও তাঁর থেকে আরও ভালো কিছু আশা করছেন প্রত্যেকে (Gurnoor Brar)। ওয়েলিংটনে, কিউয়িদের বিরুদ্ধে চার উইকেট নিয়ে চমকে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় পেসারের এটা দ্বিতীয় সেরা বোলিং। এই স্পেলের পর থেকেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন ব্রার। আইপিএলের চাকচিক্যময় মঞ্চ থেকে কিন্তু তাঁর উত্থান নয়। মাত্র ১২টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলার পরই গৌতম গম্ভীর এবং প্রাক্তন নির্বাচক কমিটি এই ২৬ বছর বয়সি পেসারের প্রতিভা চিনতে পেরেছিলেন।
ভারতীয় ক্রিকেটের নতুন ভরসা গুরনূর ব্রার
দেরি না করে তাঁকে দ্রুত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির সেন্টার অফ এক্সিলেন্সে পাঠানো হয়। একজন পেসারের যে শৃঙ্খলা এবং পরিশ্রমের দরকার। সেটা পুরোপুরি আছে ব্রারের মধ্যে। সঙ্গে তাঁর উচ্চতাও বাড়তি সুবিধা দেয়। লম্বা হওয়ার কারণে বাবা চেয়েছিলেন ছেলে বাস্কেটবল খেলুক, কিন্তু ব্রারের মন পড়ে ছিল ক্রিকেটে। বোলিংয়ের ব্যাপারে ডেল স্টেইন তাঁর আইডল। স্টেইন তাঁকে শিখিয়েছিলেন, উইকেট নেওয়ার জন্য শুধু পিচ বা পরিস্থিতির উপর নির্ভর করলে চলবে না। এমন লেন্থে বল ফেলতে হবে যেখানে ব্যাটার শট খেলতে বাধ্য হয়। এই মন্ত্রেই সাফল্য পাচ্ছেন ব্রার।
ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল তাঁকে নিজের উচ্চতাকে কাজে লাগানোর সঠিক কৌশল শেখাচ্ছেন, যা খুব কাজে দিচ্ছে বলে জানিয়েছেন খোদ ব্রার। তাঁর আসল অস্ত্র হল নিখুঁত লেন্থে বল করে ব্যাটারকে বিপাকে ফেলা। ভারতের হাতে এখন অনেক পেসার থাকলেও, ম্যানেজমেন্ট এমন একটা পেস অ্যাটাক খুঁজছে যারা নিয়মিত পারফর্ম করতে পারবে। ওয়ানডেতে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার ক্ষমতা থাকায় ব্রার যে অনেকটাই এগিয়ে আছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
স্টেইনের পরামর্শই বদলে দিল পেসারের ভাগ্য?
এভাবেই নিয়মিত ভালো পারফর্ম করতে পারলে ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠতে পারেন ব্রার। ১৪০ কিলোমিটারের বেশি গতি আর বাউন্স দিয়ে নিউজিল্যান্ড সিরিজে তিনি ভারতীয় পেস অ্যাটাকের নিয়মিত সদস্য হওয়ার টিকিট পাকা করতে পারবেন কি না, সেটাই এখন দেখার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।














