Hardik Pandya: ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) চ্যাম্পিয়ন হওয়ার পর দেশের বিভিন্ন মহল থেকে ক্রিকেটারদের আচরণের সমালোচনা করা হচ্ছে। মন্দিরে ট্রফি নিয়ে যাওয়ায় অনেকে ক্ষুব্ধ। এবার ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হল।
KNOW
Hardik Pandya News: পরপর দু'বার ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) জেতার পরেও রেহাই নেই। আইনি জালে জড়িয়ে দেওয়া হল ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দায়ের করা হয়েছে। গত রবিবার ভারতীয় দল টি-২০ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে (India vs New Zealand) চ্যাম্পিয়ন হওয়ার পর আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সতীর্থদের পাশাপাশি বান্ধবী মাহিকা শর্মার (Mahieka Sharma) সঙ্গেও আনন্দ উদযাপন করছিলেন হার্দিক। সেই সময় তাঁর শরীরে জড়ানো ছিল জাতীয় পতাকা। এতেই নাকি জাতীয় পতাকার অবমাননা হয়েছে। অন্তত এমনই দাবি পুণের (Pune) আইনজীবী ওয়াজিদ খানের। তিনি শিবাজি নগর থানায় (Shivaji Nagar Police Station) অভিযোগ দায়ের করেছেন।
কীভাবে জাতীয় পতাকার অবমাননা করলেন হার্দিক?
এই আইনজীবীর দাবি, ‘আপনারা টি-২০ বিশ্বকাপ দেখেছেন। হার্দিক পান্ডিয়া জয় উদযাপন করার জন্য তাঁর বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তাঁর পিঠে বাঁধা ছিল জাতীয় পতাকা। ১৯৭১ সালের জাতীয় পতাকা আইনের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের জাতীয় পতাকার মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু হার্দিক পান্ডিয়া জয় উদযাপন করতে গিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন, তিনি শরীরে জাতীয় পতাকা নিয়েই বান্ধবীর সঙ্গে শুয়ে পড়েছিলেন। আমার বিশ্বাস, এর ফলে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে।’
হার্দিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ?
এই আইনজীবী আরও বলেছেন, ‘আমি শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি যখন অভিযোগ দায়ের করতে যাই, তখন আমাকে বলা হয়, এখানে এই ঘটনা ঘটেনি। তখন আমি বলি, জাতীয় পতাকা সারা দেশের প্রতীক। ফলে আমরা শিবাজি নগর থানায় অভিযোগ দায়ের করতে পারি। এরপর অভিযোগ নেয় পুলিশ। এরপর কী হয় দেখা যাক।’ এই আইনজীবী স্পষ্ট করে দিয়েছেন, মাঠে বান্ধবীর সঙ্গে হার্দিকের ঘনিষ্ঠ মুহূর্ত নিয়ে তাঁর আপত্তি। সেই কারণেই থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


