IND vs SL Test 2026: ইতিমধ্যেই প্রথম টেস্টটি জিতে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও কার্যত, অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান গিলরা। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ল তারা।
IND vs SL Test 2026: কলম্বোতে রবিবার থেকে শুরু হয়েছে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট (IND vs SL Test 2026)। ইতিমধ্যেই প্রথম টেস্টটি জিতে চালকের আসনে রয়েছে টিম ইন্ডিয়া। এই ম্যাচেও কার্যত, অনেকটাই এগিয়ে রয়েছেন শুভমান গিলরা। টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। আর প্রথমে ব্যাট করতে নেমে রীতিমতো রানের পাহাড় গড়ল তারা। ওপেনার যশস্বী জয়সওয়াল করেন ৪৫ রান এবং দলের আরেক ওপেনার কেএল রাহুলের ঝুলিতে ১৮ রান। পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট করতে নেমে এই ম্যাচেও বড় অবদান রাখলেন দেবদূত পাডিক্কাল। দ্বিতীয় টেস্টেও অসাধারণ সেঞ্চুরি উপহার দিলেন তিনি এবং খেললেন ১১৭ রানের অনবদ্য ইনিংস (ind vs sl 2nd test)।
রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল ভারত

অন্যদিকে, অধিনায়ক শুভমান গিল করেন ৫০ রান, দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের সংগ্রহে ৬৩ রান এবং রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৪৩ রান। ধ্রুভ জুরেলের কথা আলাদা করে বলতেই হয়। তাঁর স্মার্ট ব্যাটিং টিম ইন্ডিয়াকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন জুরেল। তাঁর এই সেঞ্চুরির সুবাদেই অনেকটা রান বাড়িয়ে নেয় ভারত। তবে সারাংশ জৈন খুব একটা সুবিধা করতে পারলেন না। মাত্র ৬ রানেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। মানব সুথার করেন ১৮ রান এবং মহম্মদ সিরাজ ৩ রান যোগ করেন স্কোরবোর্ডে। প্রসিধ কৃষ্ণা ৪ রানে অপরাজিত থাকেন। শেষপর্যন্ত, ৯ উইকেট হারিয়ে ৫০৩ রান তোলার পর, প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ভারত। এক্ষেত্রে তিনটি পার্টনারশিপের কথা উল্লেখ করতেই হয়। শুভমান গিল এবং দেবদূত পাডিক্কালের ১২০ রানের জুটি, রবীন্দ্র জাদেজা এবং দেবদূত পাডিক্কালের ৭৪ রানের জুটি ও ঋষভ পন্থ এবং ধ্রুভ জুরেলের ১১২ রানের পার্টনারশিপ।

দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট নেন অসিথা ফার্নান্দো। দুটি করে উইকেট পেয়েছেন প্রবাথ জয়সূর্য এবং কেশরা নুওয়ান্থা। একটি উইকেট নেন লাহিরু কুমারা।জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুই উইকেট হারিয়ে বসে আছে লঙ্কাবাহিনী। দ্বিতীয় দিনের শেষে, তাদের স্কোর ২ উইকেট হারিয়ে ৮ রান। মানব সুথার এবং প্রসিধ কৃষ্ণা আঘাত হানেন শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

