IND vs SL Test 2026: বৃষ্টির আশঙ্কার জন্য কলম্বো টেস্টে শ্রীলঙ্কাকে ফলো-অন করানোর কথা ভাবছে ভারত। দলের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছেন, আবহাওয়া দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শ্রীলঙ্কা ২৬৫/৮ স্কোরে দিন শেষ করেছে. ফলো-অন এড়াতে তাদের এখনও ৩৯ রান দরকার। ঋষভ পন্থের ফিটনেস নিয়েও চিন্তায় দল।
IND vs SL Test 2026: বৃষ্টির ভ্রুকুটি, ফলো-অন নিয়ে ভাবনা ভারতের। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফলো-অন করানোর কথা ভাবতে পারে ভারত। দলের বোলিং কোচ মর্নি মরকেল জানিয়েছেন, চতুর্থ দিনের সকালে যদি দ্রুত বাকি দুটি উইকেট তুলে নেওয়া যায়, তবে আবহাওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে (IND vs SL Test 2026)। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ২৬৫/৮। ভারতের ৫০৩/৯ (ডিক্লেয়ার্ড) রানের জবাবে তারা এখনও ২৩৯ রানে পিছিয়ে। ফলো-অন এড়াতে তাদের আরও ৩৯ রান করতে হবে। ক্রিজে অপরাজিত আছেন সোনাল দিনুশা (৮৫) এবং লাহিরু কুমারা (৮)।
ম্যাচের প্রথম তিনদিনে বৃষ্টির জন্য বারবার খেলা বন্ধ হয়েছে। সবমিলিয়ে, মাত্র ২২২ ওভার খেলা সম্ভব হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মরকেল জানিয়েছেন, যতটা সম্ভব খেলার সময় কাজে লাগাতে চায় ভারত। ক্রিকইনফোকে মরকেল বলেন, "আমাদের প্রথম লক্ষ্য হবে কাল সকালে ওই দুটো উইকেট তুলে নেওয়া। জানি এটা খুব ক্লিশে শোনাল, কিন্তু যা আবহাওয়া, তাতে মাঠ ঢাকা এবং খোলার জন্য যে সময় নষ্ট হয়, তা আমরা বাঁচাতে চাই। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে যতটা সম্ভব বেশি ওভার বল করতে চাই। আশা করি, কাল উইকেটগুলো পেয়ে যাব এবং তারপর সাহস দেখিয়ে ওদের আবার ব্যাট করতে পাঠাব।"
'এটাই আসল টেস্ট ক্রিকেট', বলছেন মরকেল
সাধারণত প্রথম ইনিংসে বড় লিড পেলেও ভারত আবার ব্যাট করতেই পছন্দ করে, ফলো-অন করায় না। কিন্তু কলম্বোয় বৃষ্টির কারণে, খেলার সময় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকায়, এবার হয়ত সেই পথে হাঁটতে পারে দল। মরকেল স্বীকার করেছেন যে পরিস্থিতি বেশ কঠিন। তৃতীয় দিনে শ্রীলঙ্কা ছয় উইকেট হারালেও প্রায় সারাদিন ব্যাট করে টিকে থেকেছে। ক্রিকইনফো অনুযায়ী তিনি বলেন, "মাঠে নেমে কাজটা করা বেশ কঠিন। আমরাও অনেকসময় ভেবে বসি যে পিচ শুকনো দেখাচ্ছে, ২০০ রানের মধ্যে অলআউট করে দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত, সব সময় তেমনটা হয় না। এখানকার পরিস্থিতি খুব কঠিন, প্রচণ্ড গরম। বলও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়।"
মরকেল আরও বলেন, "ছেলেরা যখন আজ ড্রেসিংরুমে ফিরল, আমি ওদের বললাম যে এটাই আসল টেস্ট ক্রিকেট এবং এভাবেই আমরা শিখব, এভাবেই উন্নতি করব। আমরা সবসময় পার্টনারশিপে বল করা, চাপ তৈরি করার কথা বলি। আজকের মতো দিনেই এই জিনিসগুলো তৈরি হয়, যখন একটা বড় পার্টনারশিপ ভাঙে। আসল হল সেই ব্রেকথ্রুটা পাওয়া এবং তারপর নতুন করে শুরু করা।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

