IND vs WI T20 WC 2026: ঐতিহাসিক ইডেনে কার্যত, নয়া ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। যেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ‘ওস্তাদের মার শেষ রাতে' এই বিশেষণটি কি প্রয়োগ করা যায়?
IND vs WI T20 WC 2026: রাজকীয় ইনিংস। নিঃসন্দেহে ক্রিজ আঁকড়ে পড়ে থেকে দুরন্ত লড়াই এবং অবশ্যই সমালোচকদের যোগ্য জবাব। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এবং নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটের মানচিত্রে নয়া অধ্যায় লিখলেন ভারতের তরুণ ওপেনার সঞ্জু স্যামসন। জ্বলে উঠলেন দলের গুরুত্বপূর্ণ সময়ে।
চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপে সুপার এইটের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয় ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI T20 WC 2026)। সেই হাই-ভোল্টেজ ম্যাচেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। নেপথ্যে সঞ্জু স্যামসনের অসাধারণ ব্যাটিং।

সঞ্জুর রাজকীয় ইনিংস
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে, একাধিকবার সুযোগ পেয়েও ব্যর্থ হন। এরপর চলতি বিশ্বকাপের দলেও নিয়মিত সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু সুপার এইটে জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে।
এবার ঐতিহাসিক ইডেনে কার্যত, নয়া ইতিহাস লিখলেন সঞ্জু স্যামসন। প্রসঙ্গত, সেমিফাইনালে যেতে গেলে এই ম্যাচে জিততেই হবে ভারতকে। তবে টসে জিতে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠিয়ে ১৯৬ রানের লক্ষ্যমাত্রা পায় টিম ইন্ডিয়া। আর রান তাড়া করতে নেমে, দ্রুত অভিষেক শর্মা এবং ঈশান কিষাণের উইকেট হারিয়ে বেজায় চাপে পড়ে যায় ভারত।

সেখান থেকেই হাল ধরলেন সঞ্জু। যেন বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। ‘ওস্তাদের মার শেষ রাতে' এই বিশেষণটি কি প্রয়োগ করা যায়? কারণ, আসল সময়ে দলের স্বার্থে জ্বলে উঠলেন তিনি। ক্যারিবিয়ান বোলারদের রীতিমতো শাসন করলেন। কখনও মিড অন, কখনও অফ, আবার কখনও কভার ড্রাইভ! সঞ্জুর ব্যাট যেন কথা বলছিল। একের পর এক চার এবং ছয় মারছিলেন ক্রমাগত।
স্ট্রাইক রেট ১৯৪.০০
সাহসী ব্যাটিং, বিধ্বংসী ইনিংস এবং ২২ গজে পড়ে থেকে লড়াই। উপহার দিলেন ৫০ বলে ৯৭ রানের রাজকীয় ইনিংস। স্ট্রাইক রেট ১৯৪.০০। সঞ্জুর ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছয়। টি-২০ ফরম্যাটে ধরে খেলা, আবার চালিয়ে খেলা। এই দুইয়ের মিশেল যেন যেন দেখা গেল স্যামসনের ইনিংসে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে সঞ্জুর ৩৫ বলে ৫৮ রানের পার্টনারশিপটি ক্লিক করে যায় এই ম্যাচে। ইডেন অনেক কঠিন ম্যাচে বহু তারকার জন্ম দিয়েছে। রবিবার অর্থাৎ, ১ মার্চ আবারও দিল। বিশ্বকাপের মঞ্চে সঞ্জুর দাপুটে ইনিংস এবং ভারতকে সেমিফাইনালে পৌঁছে দেওয়া। নিঃসন্দেহে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন কলকাতার ক্রিকেটপ্রেমী জনতা। সিটি অফ জয়, ‘ফিল দ্য থ্রিল!'
অন্যদিকে, এই ম্যাচে নামার আগে কলকাতার ঐতিহাসিক কালীঘাট মন্দিরে পুজো দেয় গোটা ভারতীয় ক্রিকেট দল (ind vs wi super 8)। দলের অধিনায়ক এবং কোচ নিজেও উপস্থিত ছিলেন। মায়ের মূর্তির সামনে গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব আরাধনা করেন। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী গোটা দল। উপস্থিত ছিলেন কুলদীপ যাদবও। মা যে কাউকে ফেরান না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।