India Women vs Pakistan Women: যে কোনও পর্যায়ের খেলাতেই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা থাকে। রবিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপেও (ICC Women's T20 World Cup 2026) ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা রয়েছে। ভারতীয় দল এবারও পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন এড়িয়ে গেল। ম্যাচ জিতে পাকিস্তানকে জবাব দেওয়াই ভারতের লক্ষ্য।
KNOW
ICC Women's T20 World Cup 2026: মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে (India Women vs Pakistan Women) টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল ভারতীয় দল। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারতের স্কোর ছয় উইকেটে ১৭০। টি-২০ ম্যাচে এই স্কোর লড়াই করার পক্ষে যথেষ্ট। তাছাড়া এই ম্যাচ হচ্ছে বার্মিংহ্যামের (Birmingham) এজবাস্টনে (Edgbaston)। সেখানকার পরিবেশ-পরিস্থিতিতে এই স্কোর বেশ ভালো। ফলে পাকিস্তানের বিরুদ্ধে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় দল। ব্যাটাররা নিজেদের কাজ করে দিয়েছেন। এবার বোলারদের ভালো পারফরম্যান্স দেখাতে হবে। বোলাররা যদি খুব খারাপ পারফরম্যান্স না দেখান, তাহলে এই ম্যাচে জয় পাচ্ছে ভারত।

স্মৃতি রিচার ঝোড়ো ব্যাটিং
এদিন ইনিংসের শুরুতে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। ছয় রান করেই আউট হয়ে যান ওপেনার শেফালি ভার্মা (Shafali Verma)। পঞ্চম বলে প্রথম উইকেট হারায় ভারত। এরপর তিন নম্বরে ব্যাটিং করতে নেমে জেমাইমা রডরিগেজ (Jemimah Rodrigues) মাত্র এক রান করেই আউট হয়ে যান। ১৮ রানে জোড়া উইকেট হারায় ভারত। এরপর ইনিংসের হাল ধরেন তারকা ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) এবং অধিনায়ক হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)। স্মৃতি ৪৪ বলে ৬৮ রান করেন। তাঁর এই ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। হরমনপ্রীত মন্থর ব্যাটিং করেন। তিনি ৩৫ বল খেলে ৩৬ রান করেন। ভারতী ফুলমালি (Bharti Fulmali) অবশ্য এক রান করেই আউট হয়ে যান। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh)। এই বাঙালি উইকেটকিপার-ব্যাটার ১৭ বল খেলে ৩৪ রান করেন। তিনি পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি মারেন। দীপ্তি শর্মা (Deepti Sharma) নয় বল খেলে ১২ রান করে অপরাজিত থাকেন। শ্রেয়াঙ্কা পাতিল (Shreyanka Patil) এক রান করে অপরাজিত থাকেন।
ফতিমা সানার জোড়া উইকেট
পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা (Fatima Sana) ৩৩ রান দিয়ে জোড়া উইকেট নেন। সাদিয়া ইকবাল (Sadia Iqbal) ৪১ রান দিয়ে জোড়া উইকেট নেন। তাসমিয়া রুবাব (Tasmia Rubab) ৪১ রান দিয়ে এক উইকেট নেন। রামিন শামিম (Rameen Shamim) ৩০ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

