Abhishek Sharma: চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত রান পাননি ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। তিন ইনিংসেই তিনি রান করার আগে আউট হয়ে গিয়েছেন। ফলে এই ওপেনারকে নিয়ে নানা প্রশ্ন উঠছে।
KNOW
2026 ICC Men's T20 World Cup: ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) চলতি টি-২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হলেও, তাঁর পাশেই দাঁড়াচ্ছে টিম ম্যানেজমেন্ট। শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল (Morne Morkel) জানিয়েছেন, রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) সুপার এইট পর্যায়ে ভারতীয় দলের প্রথম ম্যাচে অভিষেককে দলের বাইরে রেখে খেলতে নামার বিষয়ে কোনও কথাই হয়নি। মর্কেল বলেছেন, ‘অভিষেক শর্মাকে বাদ দেওয়ার বিষয়ে আমাদের দলের মধ্যে কোনও আলোচনাই হয়নি। ও একজন বিশ্বমানের খেলোয়াড়। আমাদের দলের পক্ষে সৌভাগ্যের বিষয় যে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অভিষেক রান না পেলেও, অন্য খেলোয়াড়রা ভালো পারফরম্যান্স দেখাচ্ছে।’
অভিষেকের উপর ভরসা রাখছে দল
সাংবাদিক বৈঠকে মর্কেল আরও বলেছেন, ‘আমরা এখন বিশ্বকাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি নিশ্চিত, অভিষেক ভালো পারফরম্যান্স দেখাবে। শুধু দলের জন্যই নয়, যাঁরা ম্যাচ দেখছেন তাঁদের জন্যও ভালো খেলবে অভিষেক। কারণ, ওর ব্যাটিং উপভোগ্য। আমরা ওর ব্যাটিং দেখতে ভালোবাসি। ও নেটে ভালো ব্যাটিং করছে। ও ম্যাচে ভালোভাবে ইনিংস শুরু করতে পারলেই রান পাবে।’
ব্যাটারদের সতর্ক করে দিচ্ছেন সহকারী কোচ
নেদারল্যান্ডসের বিরুদ্ধে (India vs Netherlands) গ্রুপের শেষ ম্যাচের পর ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) বলেছেন, সুপার এইট পর্যায়ে ব্যাটারদের কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকা উচিত। যে পিচে ম্যাচ হবে, সেখানে রান করা কঠিন হতে পারে। যে মাঠে খেলা হবে, সেখানে বাউন্ডারি দীর্ঘতর হতে পারে। ভারতীয় দলের টপ অর্ডারে তিন বাঁ হাতি ব্যাটার অভিষেক, ঈশান কিষান (Ishan Kishan) ও তিলক ভার্মা (Tilak Varma) থাকায় বিপক্ষ দলগুলির পক্ষে তাঁদের বিরুদ্ধে বোলিংয়ের পরিকল্পনা করা সহজ হচ্ছে। স্পিনারদের বোলিং আরও ভালোভাবে খেলতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


