India vs West Indies 3rd T20: রাঁচিতে বড় হারের পর, রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারত। ইন্দোরের এই ম্যাচে টস আর শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। সঞ্জু স্যামসনদের ফর্মের দিকেই তাকিয়ে আছে গোটা দল।
India vs West Indies 3rd T20: ইন্দোরে রবিবার, ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। রাঁচির হার ভুলে আজ ঘুরে দাঁড়াতে চাইছে ভারত। অন্যদিকে, রেকর্ড রান তাড়া করে জেতার পর দারুণ আত্মবিশ্বাসী ক্যারিবিয়ানরা (India vs West Indies 3rd T20)। সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ। রাঁচির দুঃস্বপ্ন ভুলতে আজ ভারতের একটা বড় জয় দরকার। তবে ইন্দোরে কাজটা মোটেও সহজ হবে না। ২৫০ রান অনায়াসে তাড়া করে জেতা ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নেওয়ার কোনো জায়গাই নেই। শাই হোপ, রাদারফোর্ড আর হেটমায়ারের মতো পাওয়ার হিটারদের আটকাতে আজ কালঘাম ছুটতে পারে ভারতীয় বোলারদের।
রাঁচির বদলা নিতে মরিয়া ভারত, রবিবার ইন্দোরে লিড নেওয়ার লড়াই
আর্শদীপ সিং ফর্মে ফিরলে ভারতের অর্ধেক চিন্তা এমনিতেই কমে যাবে। পাওয়ার প্লে-তে মায়াঙ্ক যাদবের গতিই ভারতের আসল অস্ত্র। তবে মাঝের ওভারগুলোতে রান আটকে রাখাই এখন ভারতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বোলিং নিয়ে সমস্যা আছে ওয়েস্ট ইন্ডিজ দলেও। রাঁচির হাই-স্কোরিং ম্যাচে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রোস্টন চেজই তাদের তুরুপের তাস। ভারতের বাঁ-হাতি টপ অর্ডারের কাছে চেজ বড় বিপদ হয়ে উঠতে পারেন। তবে সঞ্জু স্যামসন ফর্মে ফেরায় কিছুটা স্বস্তিতে ভারতীয় শিবির।
পাশাপাশি অধিনায়ক শ্রেয়স এবং তিলকের বিধ্বংসী ব্যাটিং দলকে ভরসা দিচ্ছে। আজ ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে বোলিং আর ফিল্ডিংয়ের ওপর। রাঁচিতে দুই দলই প্রচুর ক্যাচ ফস্কেছিল। আজ শিশির বড় প্রভাব ফেলতে পারে, তাই টস খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজে এখনও পর্যন্ত যারা রান তাড়া করেছে, তারাই জিতেছে। যেকোনও বড় স্কোর তাড়া করার আত্মবিশ্বাস নিয়ে আজ দুই দলই মাঠে নামছে। তাই একটা হাই-ভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
দুই দলের সম্ভাব্য একাদশ
ভারতঃ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার-ব্যাটার), ঈশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে / নীতীশ রেড্ডি, নমন ধীর, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মায়াঙ্ক যাদব।
ওয়েস্ট ইন্ডিজঃ শাই হোপ (অধিনায়ক-উইকেটকিপার-ব্যাটার), কামিল পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি, শামার স্প্রিঙ্গার, আকিল হোসেন, শামার জোসেফ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


