IPL 2026: আইপিএল ২০২৬ মরশুমে মহেন্দ্র সিং ধোনি হয়ত চেন্নাই সুপার কিংসের হয়ে সব ম্যাচে মাঠে নামবেন না। সঞ্জু স্যামসন দলে আসায় এই জল্পনা আরও জোরালো হয়েছে।
IPL 2026: আইপিএল ২০২৬ মরশুম যত এগিয়ে আসছে, ক্রিকেটপ্রেমীদের মনে ঘুরপাক খাওয়া সবচেয়ে বড় প্রশ্নটার উত্তরও যেন স্পষ্ট হয়ে যাচ্ছে (ipl 2026 schedule)। মহেন্দ্র সিং ধোনি কি এবারও চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে সব ম্যাচে খেলতে নামবেন? চেন্নাই শিবির সরকারিভাবে জানিয়েছে যে, এই মরশুমে ধোনিকে পাওয়া যাবে। তবে তিনি যে সব ম্যাচে খেলবেন কিনা, তার কোনও নিশ্চয়তা নেই। প্রসঙ্গত, এই বছরই ৪৫ বছরে পা দেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
সঞ্জুর আসায় ধোনির ভূমিকায় বদল?
এবারের নিলামে কেরালার তারকা সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে সিএসকে। আর এটাই দলের পরিকল্পনায় বড়সড় বদল এনেছে বলে মনে করছেন অনেকে। শোনা যাচ্ছে, ধোনির সবকটি লিগ ম্যাচে খেলার সম্ভাবনা বেশ কম। চেন্নাইয়ের এক সিনিয়র কর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “ধোনি চেন্নাইতে আসবেন এবং এই মরশুমের জন্য পুরো দলে থাকবেন। এটা উনি নিজেই নিশ্চিত করেছেন। কিন্তু তিনি সব ম্যাচে খেলবেন কিনা, তা এখনই বলা সম্ভব নয়।"
উইকেটকিপিংয়ের দায়িত্বে একাধিক বিকল্প
যে ম্যাচগুলিতে ধোনি বিশ্রাম নেবেন, সেখানে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন। সঞ্জু ছাড়াও চেন্নাইয়ের হাতে আরও দুটি বিকল্প রয়েছে। দলে আরেকজন উইকেটকিপার-ব্যাটার হলেন উরভিল প্যাটেল। কার্তিক শর্মাও উইকেটকিপার, যাকে ১৪.২০ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে। শিবম দুবের সঙ্গে কার্তিককে একজন ফিনিশার হিসেবে গড়ে তোলাই দলের প্রধান লক্ষ্য।
চিপকের মাঠে 'থালা'-কে দেখার অপেক্ষা
গত দুটি মরশুমে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম থাকায় ধোনির ব্যাটিংয়ের উপর তেমন চাপ ছিল না। বেশিরভাগ সময়ই তিনি শেষদিকের ওভারে ব্যাট করতে নামতেন। ধোনির হাঁটু এবং পিঠের সমস্যার কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্টও ধকল এবং ওয়ার্কলোড কমানোর দিকে নজর দিচ্ছে।
তবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ঘরের মাঠের ম্যাচগুলিতে, ধোনি অবশ্যই খেলবেন বলে আশা করছেন ক্রিকেটফ্যানরা। নিজেদের প্রিয় ক্রিকেটারকে মাঠে নামতে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন চেন্নাইয়ের ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


