IPL 2027: আইপিএল ২০২৭-এর জন্য দিল্লি ক্যাপিটালস তাদের কোচিং টিম ঢেলে সাজাতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচ, যুবরাজ সিং ব্যাটিং কোচ এবং চামিন্ডা ভাস বোলিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন। এছাড়াও দলে আসছেন প্রাক্তন লেগ-স্পিনার অমিত মিশ্র।

IPL 2027: আইপিএল ২০২৭-এর জন্য নতুন কোচিং টিম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৭-এর আগে দিল্লি ক্যাপিটালস (DC) তাদের কোচিং টিমে বড়সড় বদল আনতে চলেছে। একটি রিপোর্ট অনুযায়ী, শ্রীলঙ্কার প্রাক্তন পেস তারকা চামিন্ডা ভাস দলের বোলিং কোচ হতে চলেছেন। অন্যদিকে, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচের দায়িত্ব নিতে পারেন। রিপোর্টে আরও বলা হয়েছে যে, ভারতের প্রাক্তন লেগ-স্পিনার অমিত মিশ্রও দিল্লির কোচিং টিমে যোগ দেবেন। পাশাপাশি, কিংবদন্তী অলরাউন্ডার যুবরাজ সিং-কে দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ করা হতে পারে (IPL 2027)।

চামিন্দা ভাসের কোচিং অভিজ্ঞতা

শ্রীলঙ্কার সবচেয়ে সফল ফাস্ট বোলার চামিন্ডা ভাস। তিনি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৫৫টি টেস্ট উইকেট এবং ৪০০টি ওয়ানডে উইকেট নিয়েছেন। ৫২ বছর বয়সী এই তারকা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আইপিএলে ডেকান চার্জার্সের হয়ে খেলেছিলেন। কিন্তু এবারই প্রথম তিনি কোচ হিসেবে এই মেগা ক্রিকেট লিগে যোগ দিচ্ছেন। বাঁ-হাতি এই পেসারের কোচিংয়ের অভিজ্ঞতা বেশ ভালো। ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে তিনি একাধিকবার শ্রীলঙ্কা পুরুষ দলের সঙ্গে কাজ করেছেন। এছাড়া শ্রীলঙ্কা ক্রিকেটের ফাস্ট-বোলিং পরামর্শদাতা এবং অ্যাকাডেমি মেন্টর হিসেবেও তরুণ পেসারদের তুলে আনার কাজ করেছেন। ভাস নিউজিল্যান্ড পুরুষ দলের পরামর্শদাতা হিসেবে কোচিং জীবন শুরু করেন। ২০১৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আয়ারল্যান্ডের সঙ্গেও ছিলেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তিনি ২০২৪ সালের জিম আফ্রো টি-টেন লিগে NYS লাগোসের এবং ২০২৬ সালের লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়্যালসের হেড কোচ ছিলেন।

কোচিং জগতে পা রাখছেন অমিত মিশ্র

অন্যদিকে, আইপিএলে সফল প্লেয়ার হিসেবে ক্যারিইয়ার শেষ করার পর, এই প্রথমবার কোচিংয়ে আসছেন অমিত মিশ্র। তথ্য অনুযায়ী, ৪২ বছর বয়সী এই লেগ-স্পিনার দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস), ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন। গত সেপ্টেম্বর মাসে, পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া মিশ্র আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা উইকেট শিকারি। তিনি ১৬২ ম্যাচে ১৭৪টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডও (তিনটি) তাঁর দখলে।

মালিকানা বদলের জেরেই এই পরিবর্তন

দিল্লি ক্যাপিটালসের দুই সহ-মালিক GMR স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং JSW স্পোর্টসের মধ্যে একটি চুক্তির ফলেই কোচিং টিমে এই পরিবর্তন আসছে। চুক্তি অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর মালিকরা পর্যায়ক্রমে ফ্র্যাঞ্চাইজির কাজকর্ম পরিচালনা করবেন। Cricinfo-র রিপোর্ট বলছে, GMR গ্রুপ ২০২৫ এবং ২০২৬ মরসুমের জন্য ভারতের প্রাক্তন ব্যাটার ভেনুগোপাল রাও-কে ডিরেক্টর অফ ক্রিকেট, হেমাঙ্গ বাদানিকে হেড কোচ এবং মুনাফ প্যাটেলকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছিল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।