LSG IPL 2026: মন্দিরে পুজো দেওয়ার পর গোয়েঙ্কা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “ভগবান রামের কাছে প্রার্থনা করে কখনও মন ভরে না। আইপিএল শুরু হতে যাচ্ছে। তাই দলের সব ক্রিকেটাররা এখানে মন্দিরে পুজো দিয়েছে। রামের আশীর্বাদ থাকলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।” 

LSG IPL 2026: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর সেই মেগা টি-২০ ক্রিকেট লিগ শুরু হওয়ার মুখে এবার লখনউ সুপার জায়ান্টস (LSG) দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং অধিনায়ক ঋষভ পন্থ অযোধ্যার রাম জন্মভূমিতে পুজো দিতে গেলেন। 

মন্দিরে পুজো দেওয়ার পর গোয়েঙ্কা সংবাদ সংস্থা এএনআই-কে জানান, “ভগবান রামের কাছে প্রার্থনা করে কখনও মন ভরে না। আইপিএল শুরু হতে যাচ্ছে। তাই দলের সব ক্রিকেটাররা এখানে মন্দিরে পুজো দিয়েছে। রামের আশীর্বাদ থাকলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।”

অযোধ্যা মন্দিরে পুজো দিলেন পন্থ-গোয়েঙ্কা

এই হাই-প্রোফাইল টুর্নামেন্টের আগে আশীর্বাদ নিতেই দলের প্রি-সিজন প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই পরিকল্পনা বলে জানা যাচ্ছে। গোয়েঙ্কা এবং পন্থের সঙ্গে LSG ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যও ছিলেন। তারাও একসঙ্গে পুজো দেন।

প্রসঙ্গত, এর আগে দলের প্রি-সিজন প্রস্তুতি নিয়ে কথা বলেন পন্থ এবং দলের নতুন বোলিং কোচ হিসেবে ভরত অরুণের যোগ দেওয়ার প্রশংসাও করেন। তাঁর মতে, ভরত অরুণ স্যার দলে আসায় শক্তি অনেক বাড়বে।

কী জানাচ্ছেন মালিক-ক্যাপ্টেন?

ব্রডকাস্টিং চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় পন্থ বলেন, “ফাস্ট বোলারদের নিয়ে ক্যাম্পটা দারুণ হয়েছে। ভরত অরুণ স্যার দলে যোগ দিয়েছেন এবং উনি আসার পর থেকেই অনেক মূল্যবান পরামর্শ দিচ্ছেন। আমাদের মধ্যে অনেক কথা হয়েছে। উনি জানতে চেয়েছেন যে, আমি বোলারদের থেকে কী চাই এবং উনি কোন কোন বিষয়কে যুক্ত করতে পারেন। এখানকার এনার্জিটাই অন্যরকম। উনি একজন অন্যতম সেরা বোলিং কোচ এবং আমার সেই বিশ্বাসটা ওনার উপর আছে। কারণ, ভারতীয় দলের সঙ্গে যখন উনি ছিলেন, তখন আমি ওনার সঙ্গে কাজ করেছি।”

আগামী ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ। এরপর তাদের ম্যাচ রয়েছে আগামী ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এবং ৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তারপর ১২ এপ্রিল, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে লখনউ। 

IPL 2026-এর জন্য লখনউ সুপার জায়ান্টস স্কোয়াড

লখনউ সুপার জায়ান্টস স্কোয়াড: ঋষভ পন্থ (অধিনায়ক), এইডেন মার্করাম, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিৎজকে, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, জশ ইংলিস, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, অর্শিন কুলকার্নি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আয়ুষ বাদোনি, মহম্মদ শামি, আবেশ খান, এম. সিদ্ধার্থ, দিগ্বেশ সিং, আকাশ সিং, প্রিন্স যাদব, অর্জুন তেন্ডুলকর, অ্যানরিখ নর্কিয়া, নমন তিওয়ারি, মায়াঙ্ক যাদব, মহসিন খান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।