Naseem Shah News: পাকিস্তান সুপার লিগের (PSL) উদ্বোধনী অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করা নিয়ে বেজায় বিপাকে পড়েছেন পাক দলের পেসার নাসিম শাহ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাঁকে শো-কজ নোটিস পাঠিয়েছে বলে খবর।
Naseem Shah News: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি এবং মিডিয়া সংক্রান্ত নিয়ম ভাঙার অভিযোগে দলের তারকা পেসার নাসিম শাহকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে (naseem shah show cause notice)। পাকিস্তান সুপার লিগ (PSL) ২০২৬-এর উদ্বোধনের দিন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা একটি বিতর্কিত পোস্টের কারণেই এই পদক্ষেপ বলে জানা গেছে। এই প্রসঙ্গে পিসিবি একটি অফিশিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছে, এই পেসারের বিরুদ্ধে ইতিমধ্যেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে (Naseem Shah News)।
পিসিবি-র বিবৃতিতে বলা হয়েছে, "একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নাসিম শাহকে অবশ্যই জবাব দিতে হবে। পিসিবি পেশাদারিত্বের মান, চুক্তির বাধ্যবাধকতা এবং খেলার সম্মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।" বোর্ডের তরফ থেকে এও জানানো হয়েছে যে, চুক্তির ঠিক কোন ধারাটি লঙ্ঘন করা হয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি। নাসিমের জবাব পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, পিএসএল-এর উদ্বোধনী অনুষ্ঠানের সময় নাসিম শাহের এক্স হ্যান্ডল থেকে একটি পোস্টকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ স্টেডিয়ামে প্রবেশ করার একটি ভিডিও সহ পোস্টটি করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, "লন্ডনের লর্ডসের রানির মতো ব্যবহার কেন করা হচ্ছে ওনার সঙ্গে?"
হ্যাক হওয়ার দাবি
পোস্টটি ভাইরাল হতেই কয়েক মিনিটের মধ্যে তা ডিলিট করে দেওয়া হয়। এরপর নাসিম শাহ নিজে জানান যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয় এবং পরে তিনি তা আবার ফিরেও পান। কিন্তু এই ব্যাখ্যাতেও বিতর্ক থামেনি। এমন একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে, যেখানে দেশের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, এই ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বিদেশি অতিথিদের কারণে, সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ভিআইপি-দের দেওয়া বিশেষ ব্যবস্থা নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই নাসিমের নামে এই ধরনের একটি পোস্ট সামনে আসে। যা আদতে আগুনে ঘি ঢালে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


