Pakistan Cricket Team: চলতি টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) সুপার এইট পর্যায় থেকেই বিদায় নিল পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের (Pakistan vs Sri Lanka) পরেই দেশে ফিরে যাচ্ছে পাকিস্তান দল।

DID YOU
KNOW
?
নেট রান রেটে বিদায়
চলতি টি-২০ বিশ্বকাপে সুপার এইট গ্রুপ টুয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হলেও, নেট রান রেটে পিছিয়ে থাকায় বিদায় পাকিস্তানের।

Pakistan vs Sri Lanka: টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup) থেকে বিদায় পাকিস্তানের। শনিবার সুপার এইট পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ রানে জয় পেলেও, নেট রান রেটে নিউজিল্যান্ডের (New Zealand) চেয়ে পিছিয়েই রইল পাকিস্তান। এর ফলে তাদের পক্ষে সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করা সম্ভব হল না। এদিন প্রথমে ব্যাটিং করে আট উইকেট হারিয়ে ২১২ রান করে পাকিস্তান। নেট রান রেটে নিউজিল্যান্ডকে পিছনে ফেলে দিতে হলে অন্তত ৬৪ রানে জয় পেতে হত। ফলে শ্রীলঙ্কা ১৪৭ রান করে ফেলার পরেই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে গেল। এদিন পাকিস্তানের ব্যাটাররা ভালো পারফরম্যান্স দেখালেও, বোলাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। এই কারণেই ছিটকে গেল পাকিস্তান।

ইডেন গার্ডেন্সে সেমি-ফাইনাল

এদিন পাকিস্তান টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় কলকাতা ও আমেদাবাদে (Ahmedabad) উল্লাস শুরু হয়েছে। কারণ, এদিনই চলতি টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার মাটিতে শেষ ম্যাচ হয়ে গেল। এবার ইডেন গার্ডেন্স (Eden Gardens) সেমি-ফাইনাল এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) ফাইনাল হবে।

লড়াই করে হার শ্রীলঙ্কার

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)। তাঁর এই সিদ্ধান্ত ঠিক প্রমাণিত হয়নি। প্রথমে ব্যাটিং করতে নেমে বিশাল স্কোর করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান (Sahibzada Farhan) ৬০ বলে ১০০ রান করেন। অপর ওপেনার ফকর জামান (Fakhar Zaman) ৪২ বলে ৮৪ রান করেন। পাকিস্তানের অন্য কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। বিশাল টার্গেট তাড়া করতে নেমে ছয় উইকেট হারিয়ে ২০৭ রান করে শ্রীলঙ্কা। দুর্দান্ত লড়াই করেন অধিনায়ক। তিনি ৩১ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন। ৩৭ বলে ৫৮ রান করেন পবন রত্নায়েকে (Pavan Rathnayake)। পাকিস্তানের হয়ে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন আবরার আহমেদ (Abrar Ahmed)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।