Shikhar Dhawan News: পাকিস্তানের (Pakistan) ক্রিকেটারদের সঙ্গে একই দলে রাখা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ানকে। এই ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে (World T20 Continent Cup)। ধাওয়ানের দাবি, তাঁর অনুমতি না নিয়েই এই দলে রাখা হয়েছে। আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
KNOW
World T20 Continent Cup: তাঁকে কিছু না জানিয়েই ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে এশিয়া ওয়ারিয়র্স (Asia Warriors) দলে রাখা হয়েছে। এমনই অভিযোগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তিনি এই টুর্নামেন্টের আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্টের মাধ্যমে এই টুর্নামেন্টে তাঁর যোগ দেওয়ার খবর অস্বীকার করেছেন ধাওয়ান। সংবাদমাধ্যম ও অনুরাগীদের কাছে তাঁর আবেদন, কেউ যেন এই সংক্রান্ত কোনও বিভ্রান্তিকর খবর বিশ্বাস না করেন এবং এই সংক্রান্ত খবর ছড়িয়ে না দেন। ধাওয়ান স্পষ্ট করে দিয়েছেন, তিনি ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপে খেলবেন না।
পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলবেন না ধাওয়ান
ধাওয়ানের দাবি, তাঁর সঙ্গে ওয়ার্ল্ড টি-২০ কন্টিনেন্ট কাপের কোনও সম্পর্ক নেই। তাঁর সঙ্গে কথা না বলেই এই টুর্নামেন্টের আয়োজকরা তাঁর নাম ব্যবহার করেছেন। এশিয়া ওয়ারিয়র্স দলে পাকিস্তানের (Pakistan) একাধিক ক্রিকেটারকে রাখা হয়েছে। ভারতের এই প্রাক্তন ক্রিকেটার জানিয়ে দিয়েছেন, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলবেন না। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে যোগদানকারীদের তালিকায় আমার নাম দেখতে পেয়েছি। আমার অজান্তে এবং অনুমতি ছাড়াই আয়োজকরা আমার নাম ব্যবহার করেছেন। এ বিষয়ে আমার আইনি দল যথাযথ পদক্ষেপ নেবে। সংবাদমাধ্যম ও আমার অনুরাগীদের কাছে অনুরোধ, অনুমোদনহীন কোনও ঘোষণার ভিত্তিতে খবর প্রকাশ করবেন না বা সেটি বিশ্বাস করবেন না। আপনাদের নিরন্তর ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
এশিয়া ওয়ারিয়র্স দলে একাধিক ভারতীয় ক্রিকেটার
এশিয়া ওয়ারিয়র্স দলে ধাওয়ান ছাড়াও ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরত সিং মান এবং অভিমন্যু মিঠুনের নাম আছে। ধাওয়ান প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে একই দলে খেলবেন না। সোহেল তনভীর, ইফতিখার আহমেদ, মহম্মদ ইমরান খানের মতো পাক ক্রিকেটারদের এই দলে রাখা হয়েছে। ধাওয়ান ছাড়া অন্য কোনও ভারতীয় ক্রিকেটার এই দলে থাকা নিয়ে আপত্তির কথা জানাননি।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।








