Suryakumar Yadav News: ভারতীয় দলের অধিনায়ক হিসেবে টি-২০ বিশ্বকাপ (ICC Men's T20 World Cup 2026) জেতার পরেই জাতীয় দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। সম্প্রতি বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আপাতত এই তারকা ব্যাটারকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। সূর্যকুমার জানিয়েছেন, তিনি বাদ পড়ে হতাশ।
Suryakumar Yadav Batting: দীর্ঘদিনের অফ ফর্মের জেরে ভারতীয় দলে জায়গা হারিয়েছেন। তবে নিজের ব্যাটিংয়ের ধরনে কোনও সমস্যা ছিল না বলেই মনে করেন সূর্যকুমার যাদব। ভারতের টি-২০ দলের প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত পাঁচ বছর ধরে যেভাবে ব্যাটিং করে এসেছেন, এখনও সেই একই পথে হাঁটছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে জাতীয় দলে ফেরার আশায় বুক বাঁধছেন তিনি। গত জুন-জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড (Ireland and England) সফরের ভারতীয় দল থেকে বাদ পড়ার পর আর সুযোগ পাননি। তবে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) দুরন্ত ছন্দে ৩৫ বছর বয়সি এই ব্যাটার। পাঁচ ইনিংসে ২০৪ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ২৩০। তাঁর নেতৃত্বে মুম্বই (Mumbai) নক-আউট পর্বে পৌঁছে গিয়েছে। নাগপুরে (Nagpur) সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যকুমার বলেছেন, 'আমার মনে হয় না ব্যাটিংয়ে কোনও ভুল ছিল। গত পাঁচ বছর ধরে আমি একইভাবে খেলে আসছি। ভারতীয় দলের হয়ে হোক কিংবা মুম্বইয়ের হয়ে, সব জায়গাতেই ব্যাটিং উপভোগ করেছি।'
খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সূর্যকুমার
নিজের ব্যাটিংয়ে কোনও ভুল না দেখলেও, পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক সময়ে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন সূর্যকুমার। ২০২৫ সালের আইপিএল-এ (IPL 2025) ১৬ ম্যাচে ৭১৭ রান করেছিলেন তিনি। কিন্তু ২০২৬ সালের আইপিএল-এ ১৩ ম্যাচে তিনি মাত্র ২৭০ রান করেন। টি-২০ আন্তর্জাতিকেও ২০২৫ সালে ২১ ম্যাচে মাত্র ২১৮ রান করেন এই তারকা। তাঁর ব্যাটিংয়ের গড় ছিল ১৩.৬২। এঐ বছরের টি-২০ বিশ্বকাপে (ICC Men's T20 World Cup 2026) অবশ্য ২৪২ রান করে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। তাঁর আগে ছিলেন সঞ্জু স্যামসন (Sanju Samson) (৩২১)। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে ৮৪ রানের ইনিংসের পর সূর্যকুমারের ব্যাটে ধারাবাহিকতার অভাব দেখা যায়। পরবর্তী আট ইনিংসে তাঁর রান ছিল যথাক্রমে ১২, ৩২, ৩৪, ১৮, ৩৩, ১৮, ১ ও ০। এত কিছুর পরেও নিজের ব্যাটিংয়ের ধরন বদলাননি সূর্যকুমার। বরং গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলনের উপর জোর দিয়েছেন। তাঁর কথায়, 'এখনও আমি একই কাজ করছি। প্রচুর ব্যাটিং অনুশীলন করছি। গত ৮-১০ সপ্তাহ ধরে সেটাই করে গিয়েছি। মাঠে তার প্রতিফলনও দেখা যাচ্ছে। যত বেশি পরিশ্রম করবেন, ভাগ্যও তত বেশি সহায় হবে।'
জাতীয় দল থেকে বাদ পড়ে হতাশ সূর্যকুমার
তবে জাতীয় দল থেকে বাদ পড়ার যন্ত্রণা যে তাঁকে কষ্ট দিয়েছে, তা স্বীকার করে নিয়েছেন সূর্যকুমার। তিনি বলেছেন, 'অবশ্যই ভারতীয় দলের বাইরে থাকাটা যন্ত্রণার। পাঁচ বছর ধরে নিয়মিত দেশের হয়ে খেলেছেন, তারপর হঠাৎ আর ভারতের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন না—খারাপ তো লাগবেই। তবে ক্রিকেট খেলাটাই এমন।' বাদ পড়েও অবশ্য জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না প্রাক্তন অধিনায়ক। তাঁর কথা অনুযায়ী, 'সুড়ঙ্গের শেষেও সবসময় আলো থাকে। ততক্ষণ নিজের কাজ চালিয়ে যেতে হবে।' আপাতত ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে যাওয়াই সূর্যকুমারের লক্ষ্য।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।












