Yuzvendra Chahal Retirement: সব ধরনের ক্রিকেট থেকে এখনও অবসর ঘোষণা করেননি জনপ্রিয় লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। তবে তিনি আর লাল বলের ক্রিকেটে খেলবেন না বলে ঘোষণা করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না এই লেগ-স্পিনার। এই কারণেই হয়তো তিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন।
KNOW
Yuzvendra Chahal News: প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন জনপ্রিয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। শুক্রবার তিনি ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাল বলের ক্রিকেটে আর খেলবেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না এই লেগ-স্পিনার। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও, ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নেওয়ার আগে ফের ওডিআই, আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়েছেন চাহাল। এখন এই লেগ-স্পিনারের বয়স ৩৬ বছর। তিনি ২০২৩ সালে শেষবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। ফলে অবসর নেওয়ার আগে শেষবার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আশা কম।
টেস্টে খেলার সুযোগ পাননি চাহাল
ভারতীয় দলের হয়ে ৭২টি ওডিআই এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চাহাল। এই লেগ-স্পিনার ওডিআই ফর্ম্যাটে ১২১ এবং আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৯৬ উইকেট নিয়েছেন। ২০২৩ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-২০ ম্যাচই এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ। জাতীয় দলের হয়ে ওডিআই, টি-২০ ফর্ম্যাটে খেলার সুযোগ পেলেও, কোনও টেস্ট ম্যাচে খেলার সুযোগ পাননি চাহাল। তাঁর এই স্বপ্ন অধরাই থেকে গেল। লর্ডসে (The Lord's) তাঁর শেষ প্রথম শ্রেণির ম্যাচকেই লাল বলের ক্রিকেটে নিজের শেষ অধ্যায় হিসেবে বেছে নিয়েছেন ৩৬ বছর বয়সি এই স্পিনার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো পারফরম্যান্স চাহালের
২০০৯ সালে হরিয়ানার (Haryana) হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় চাহালের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে তিনি ১৪৮ উইকেট নিয়েছেন। বোলিংয়ের গড় ৩২.২৭। ২০২৬ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে (County Championship 2026) নর্দাম্পটনশায়ারের (Northamptonshire) হয়ে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে খেললেন এই স্পিনার। ডিভিশন টু-তে ২১টি উইকেট নেন তিনি। বোলিংয়ের গড় মাত্র ১৬.১৪। অন্তত ২০টি উইকেট নেওয়া বোলারদের মধ্যে গড়ের নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন চাহাল। লর্ডসে মিডলসেক্সের (Middlesex) বিরুদ্ধে ম্যাচটিই ছিল তাঁর শেষ প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ ম্যাচ। সেই ম্যাচে সাত উইকেটে হেরে ডিভিশন ওয়ানে পৌঁছনোর আশা শেষ হয়ে যায় নর্দাম্পটনশায়ারের।
অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ চাহাল
অবসরের সিদ্ধান্ত জানিয়ে ইনস্টাগ্রামে চাহাল লিখেছেন, ‘আমি প্রথম যে ক্রিকেট বলটি হাতে নিয়েছিলাম, সেটি ছিল লাল বল। তখন আমার বয়স ১০ বছর। সেই সময় জানতাম না, এই খেলাটির প্রেমে কতটা গভীরভাবে পড়ে যাব। টেস্ট ক্যাপ সবসময়ই আমার স্বপ্ন ছিল। বহু বছর ধরে সেই স্বপ্ন বয়ে বেড়িয়েছি। সেটা হয়তো হয়নি। কিন্তু এই ফর্ম্যাটে যে যাত্রা আমি করেছি, তাতে আমি সত্যিই সন্তুষ্ট। যে সুযোগগুলি পেয়েছি, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ।’ প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাননি চাহাল। বরং স্পষ্ট করে দিয়েছেন, ‘কিন্তু আমি এখনও শেষ হয়ে যাইনি।’
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


