FIFA World Cup 2026 Broadcast: ভারতে মোবাইল অ্যাপ, ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ম্যাচগুলি সরাসরি দেখার একমাত্র সরকারি মাধ্যম হল জি ফাইভ (ZEE5)। প্রতি রাতে ও সকালে লক্ষ লক্ষ মানুষ জি ফাইভের মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ দেখছেন। অনেকেই ওয়াইফাইয়ের বদলে মোবাইল ডেটা ব্যবহার করছেন। এই সুযোগ কাজে লাগাতে চাইছে টেলিকম সংস্থাগুলি।
KNOW
FIFA World Cup 2026 Telecast in India: জি ফাইভ (ZEE5) মোবাইল অ্যাপ, ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ম্যাচগুলি দেখার জন্য নতুন ডেটা প্যাক চালু করল ভারতী এয়ারটেল (Bharti Airtel), রিলায়েন্স জিও (Reliance Jio), ভোডাফোন আইডিয়া (Vodafone Idea-Vi)। ৭৯৮ টাকার ডেটা প্যাক চালু করা হয়েছে। এই প্যাকের আওতায় থাকছে জি ফাইভ। ফলে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলি দেখা যাবে। ভারতের ফুটবলপ্রেমীরা রাত জেগে বিশ্বকাপের ম্যাচ দেখছেন। আবার ভোরবেলা উঠেও বহু মানুষ গুরুত্বপূর্ণ ম্যাচগুলি দেখছেন। এই কারণেই ফুটবলপ্রেমীদের আকর্ষণ করার জন্য নতুন ডেটা প্যাক চালু করল তিন টেলিকম সংস্থা। বিশ্বকাপের ম্যাচগুলি দেখার জন্য অনেকেরই মোবাইল ডেটা খরচ হচ্ছে। কারণ, সবাই ওয়াইফাই ব্যবহার করছেন না। এই কারণেই ডেটা প্যাক কাজে লাগবে বলে আশায় টেলিকম সংস্থাগুলি।

এয়ারটেলের ডেটা প্যাকে কী সুবিধা আছে?
এয়ারটেলের ৭৯৮ টাকার ডেটা প্যাকে রোজ এক জিবি করে হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ৪০ দিন পর্যন্ত কার্যকর এই প্যাক। প্রতিদিনের এক জিবি ডেটা শেষ হয়ে গেলে প্রতি এমবি ডেটার জন্য ৫০ পয়সা করে দিতে হবে। এই প্যাকে ৯০ দিনের জন্য জি ফাইভ অ্যাপের কনটেন্টগুলি দেখা যাবে।
জিও কী সুবিধা দিচ্ছে?
জিও-র ৭৯৮ টাকার ফুটবল পাস ডেটা প্যাকেও ৪০ দিন ধরে প্রতিদিন এক জিবি করে ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের এক জিবি ডেটা শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিডে ডেটা পাওয়া যাবে। এই প্যাকে তিন মাসের জন্য জি ফাইভের কনটেন্টগুলি দেখা যাবে।
ভি-র ডেটা প্যাকে কী সুবিধা রয়েছে?
ভি-র ৭৯৮ টাকার ডেটা প্যাকে ৩০ দিনের জন্য মোট ১০ জিবি ডেটা পাওয়া যাবে। তবে এই প্যাকের আওতায় এসএমএস বা অন্য কোনও পরিষেবা পাওয়া যাবে না। ৯০ দিনের জন্য জি ফাইভের কনটেন্টগুলি দেখা যাবে। এছাড়া এমএক্স প্লেয়ার, টাইমস প্লে, শিমারু, নেক্সজিটিভি, ইয়াপটিভি ও পকেট ফিল্মসের কনটেন্টগুলি দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


